চট্টগ্রামের প্রেক্ষাগৃহে দর্শক কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এবারের ঈদে দেশব্যাপী মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র। দেশের বিভিন্ন বিভাগের একাধিক প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে নতুন ছবিগুলো নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া। আজ থাকছে চট্টগ্রামের প্রেক্ষাগৃহের ছবি নিয়ে প্রতিবেদন
নগরের প্যালেস সিনেমা হলে ঈদের ছবির বদলে চলছে পুরোনো ছবি সম্রাট l ছবি: জুয়েল শীল
নগরের প্যালেস সিনেমা হলে ঈদের ছবির বদলে চলছে পুরোনো ছবি সম্রাট l ছবি: জুয়েল শীল

‘ঈদের তৃতীয় দিন চলছে আজ (বৃহস্পতিবার)। অথচ হলে তেমন কোনো দর্শক নেই। এখন যদি দর্শক না আসে তাহলে কখন আসবে? আসলে সিনেমা হলে এখন আর কোনো ভিড় হয় না।’

গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এসব কথা বলেন চট্টগ্রামের আলমাস সিনেমা হলের তত্ত্বাবধায়ক আবদুল আউয়াল। এই প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান ও বুবলির ছবি শু৵টার। প্রতিদিন এ ছবির চারটি প্রদর্শনী চলছে। কিন্তু কোনোটিতেই হল পূর্ণ হয়নি।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আলমাস সিনেমা হলে গিয়ে দেখা যায়, হলের সামনে তেমন কোনো ভিড় নেই। অল্প কিছু দর্শক নিজেদের মধ্যে আড্ডায় ব্যস্ত। কেউ হাঁটাহাঁটি করে সময় পার করছেন। টিকিট কাউন্টারগুলো একেবারে ফাঁকা। তবে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কাউন্টারগুলোতে কিছুটা চাঞ্চল্য দেখা যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার প্রদর্শনীর জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে থাকেন হাতে গোনা কয়েকজন দর্শক।
হলের তত্ত্বাবধায়ক আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, হলে ৯০০ আসন আছে। একটি প্রদর্শনীতেও হল পূর্ণ হয়নি। যা দর্শক হয়েছে তা বলার মতো নয়। বুধবার সন্ধ্যার শোতে সর্বোচ্চ ২০০ দর্শক হয়েছিল। অন্য শোগুলোতে ১০০ থেকে ১৫০ জন দর্শক হয়। তিনি জানান, একটি নতুন ছবি প্রেক্ষাগৃহে নিয়ে আসতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। সে খরচ তুলতে অনেক কষ্ট হয়ে যায়।
সিনেমা প্যালেস
নগরের এই সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে গত রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খান ও অপু বিশ্বাসের ছবি সম্রাট। এ ছবি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এমনকি প্রদর্শনীর মেয়াদ আরও বাড়তে পারে বলে জানা গেছে। এ সিনেমা হলেও দর্শকদের উপস্থিতি ছিল একেবারেই কম। গত বৃহস্পতিবার বেলা তিনটার প্রদর্শনীতে দর্শক ছিল ২০-২৫ জন। এ হলে আসন রয়েছে ৫০০। হলে প্রতিদিন তিনটি প্রদর্শনী হয়।
হলের টিকিট বিক্রেতা মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আগের মতো হলে দর্শক হয় না। একটি নতুন ছবির প্রদর্শনীতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, টিকিট বিক্রি করে তা তুলতে হিমশিম খেতে হয়। তাই ইচ্ছা থাকলেও নতুন ছবি আনা হয় না।’