চড়টা মারতে পারছিলাম না: পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া
পিয়া

এনজি শট নিয়ে কত যে স্মৃতি! এই মুহূর্তে যে কয়েকটা মনে পড়ছে সেগুলো বলি:
অনেকের যেমন হেঁচকি রোগ আছে, আমার আছে হাসি রোগ৷ একবার হাসতে শুরু করলে আর থামাতে পারি না৷ বিশ্বাস করবেন না হয়তো, ছোটবেলায় পড়া না পারায় স্যার আমাকে স্কেল দিয়ে মারতেন আর আমি হাসতাম৷ সেই হাসির অভ্যাস এখনো রয়ে গেছে৷ আর এই হাসির কারণে শুটিংয়ের সময় এনজি হয়েছে অনেক শট৷
মনে পড়ছে গ্যাংস্টার রিটার্ন চলচ্চিত্রের শুটিংয়ের কথা৷ এই ছবিতে একটা দৃশ্য ছিল এ রকম যে আমি অপূর্ব ভাইয়ের গালে আলতো করে একটা চড় মারব৷ কিন্তু সমস্যা হলো, অপূর্ব ভাই আমার চেয়ে বয়সে বড় বলে স্বচ্ছন্দে চড়টা মারতে পারছিলাম না৷ যতবার চড় মারতে যাই, ততবার হাসি পায় আমার৷ মহা যন্ত্রণা! এদিকে আমার হাসি রোগ তখন বিপুল বেগে শুরু হয়েছে৷ শেষে ছয়-সাতবার এনজি হওয়ার পর শটটা ওকে হযেছিল৷

দুই.

এবারের ঘটনা আফ্রিকার পোর্ট এলিজাবেথের৷ সেখানে শুটিং করতে গেছি প্রবাসী প্রেম নাটকের৷ গেল ডিসেম্বরের কথা এটা৷ প্রচণ্ড শীত৷ পোর্ট এলিজাবেথজুড়ে প্রবল শৈত্যপ্রবাহ৷ এই ঝড়ের মতো শৈত্যপ্রবাহের মধ্যে আমাকে দূর থেকে দৌড়ে এসে ​িনরবকে জড়িয়ে ধরতে হবে—বুঝুন অবস্থা৷
যা হোক, মনে-প্রাণে চেষ্টা করছিলাম এক শটেই দৃশ্যটা ওকে করতে৷ কিন্তু যতই দৌড়ে আসতে চাই ​িনরবের কাছে, ভয়াবহ বাতাস আর কনকনে শীত ততই আমাকে পেছনের দিকে নিয়ে যায়৷ শট তো আর কিছুতেই ওকে হয় না৷
হাড়-কাঁপানো ওই শীতে খুব কষ্ট পেয়েছিলাম সেবার৷ অবশেষে তিন-চারবারের সাধনায় ওকে হয়েছিল শট৷

তিন.

গাজীপুরের এক বাংলোবাড়িতে শুটিং করতে গেছি টু বি অর নট টু বি নাটকের৷ এই নাটকে বাথটাবে শুয়ে থাকার একটা দৃশ্য ছিল আমার৷ শীতের সময়ে শুটিং, তাই চেষ্টা করছিলাম দ্রুত শট দিয়ে রুমে ফিরতে৷ কিন্তু কপাল খারাপ হলে যা হয়! শট কিছুতেই ওকে হয় না৷ পরিচালক একবার ক্লোজ শট নেন, একবার লং শট নেন, একবার ওপর থেকে শট নেন তো আরেকবার শুরু করেন সাইড থেকে৷ কিছুতেই তাঁর মনের মতো শট হয় না৷ এদিকে ঠান্ডা পানির ভেতর শুয়ে থাকতে থাকতে আমার তো দাঁতকপাটি লেগে যাওয়ার দশা! অতঃপর ছয়-সাতবারের চেষ্টায় শট ওকে হওয়ার পর তবেই না বাঁচা!

অনুলিখন: মারুফ ইসলাম