চন্দনা মজুমদারের 'বসন্ত বাতাসে'

চন্দনা মজুমদারের কণ্ঠে লালনের গানই বেশি শোনা গেছে। এবার এই শিল্পী শাহ আবদুল করিমের ১০টি গান দিয়ে পুরো একটি অ্যালবামের কাজ শেষ করেছেন। নাম ‘বসন্ত বাতাসে’। কাল ১৫ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করা হবে।
‘বসন্ত বাতাসে’ অ্যালবামে শাহ আবদুল করিমের পরিচিত ও কম পরিচিত ১০টি গান রয়েছে বলে জানিয়েছেন চন্দনা মজুমদার। গানগুলোর রেকর্ডিং করা হয়েছে কলকাতায়। সংগীতায়োজন করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। গানগুলোর শিরোনাম ‘আমার বন্ধুরে কই পাব সখী গো’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘গান গাই আমার মনরে বুঝাই’, ‘কোন মেস্তরি নাও বানাইছে’, ‘যে গুণে বন্ধুরে পাব’, ‘কুল-মান সঁপিলাম তোমারে’, ‘এখন ভাবিলে কি হবে’, ‘আমি কেমনে রাখিব তোর মন’, ‘দরদিয়া রে বন্ধু আমি তোমায়’।
‘বসন্ত বাতাসে’ অ্যালবাম প্রসঙ্গে চন্দনা মজুমদার বলেন, ‘লালনের গান বেশি গাইলেও বিচ্ছিন্নভাবে অন্যান্য গীতিকবির গান আমাকে বেশ টানে। শাহ আবদুল করিম তাঁদের একজন। পরিচিত ও কম পরিচিত ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। আশা করছি, অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
চন্দনা মজুমদার আরও জানিয়েছেন, সামনে রাধারমণের গান নিয়ে নতুন একটি অ্যালবামের কাজ শুরু করবেন তিনি। আর সে অ্যালবামটি ২০১৪ সালে প্রকাশের কথা ভাবছেন। চন্দনা মজুমদার বলেন, এরই মধ্যে গান বাছাইয়ের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এখন শুধু কণ্ঠ দেওয়ার কাজটি বাকি।
চন্দনা মজুমদারের সর্বশেষ প্রকাশিত একক অ্যালবামটি হচ্ছে অপার লিলে।