চন্দ্রবিন্দুর পরবর্তী অ্যালবাম বাংলাদেশ থেকেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কনডাক্টর’, ‘দুপুরের খামোখা খেয়াল’, ‘এভাবেই ফিরে আসা যায়’, ‘যদি ভাব পাবে তাকে’, ‘মঙ্গল গ্রহে মানুষ থাকে না’, ‘বাথরুমটা কি তোর বাবার’—এ ধরনের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ব্যান্ডদল ‘চন্দ্রবিন্দু’। কলকাতার এই ব্যান্ডদলটির গান এপার-ওপার দুই বাংলার শ্রোতাদের কাছে ভীষণ পছন্দের। এই জনপ্রিয় ব্যান্ডদলটি সম্প্রতি ঢাকা ঘুরে গেছে। ১৯ নভেম্বর দলটি ঢাকায় আসে। দুই দিনের সফরে দলের সদস্যরা দেশটিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। এ ছাড়া শনিবার রাতে ঢাকা ক্লাব আয়োজিত কনসার্টে অংশ নেন তাঁরা। সফর শেষে আজ রোববার সকালে কলকাতায় ফিরে গেছেন তাঁরা। ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ড সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল এর অন্যতম সদস্য অনিন্দ্যর কাছে। তিনি জানান, ১৯৮৯ সালের দিকে অনেকটা শখের বশেই ব্যান্ডটি গঠন করেন তাঁরা। বিভিন্ন মাত্রার গানের মাধ্যমে চন্দ্রবিন্দু ইতিমধ্যেই কলকাতায় আলাদা একটি শ্রোতাশ্রেণী গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রথমবারের মতো ঢাকা সফরের অনুভূতির কথা বর্ণনা করতে গিয়ে অনিন্দ্য বলেন, ‘এত সংক্ষিপ্ত সফর যে কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল। এর মধ্যেও সময় বের করে ঘুরে বেরিয়েছি। টুকটাক কেনাকাটাও করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল দেশটিভির কল-এর গান অনুষ্ঠান। সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে আমাদের গান শুনতে চেয়েছেন। এমন কিছু গানের অনুরোধ এসেছে, যাতে আমরা অবাকই হয়েছি। বাংলাদেশের শ্রোতারা যে আমাদের গান এতটা শোনেন, সে ব্যাপারে আমাদের ধারণাই ছিল না।’ বাংলাদেশে গান না করতে পারার আক্ষেপ অনেক আগে থেকেই ছিল বর্ণনা করে অনিন্দ্য বলেন, ‘এত দিনে আমাদের আক্ষেপ দূর হয়েছে।’অনিন্দ্য বলেন, ‘সফরটা সংক্ষিপ্ত হলেও এই সফরে ভবিষ্যত্ সফরের সম্ভাবনা লুকিয়ে আছে।’বাংলাদেশের বেশ কয়েকটি অডিও প্রতিষ্ঠানের কাছ থেকে পরবর্তী অ্যালবাম প্রকাশের প্রস্তাব পেয়েছেন বলে জানান অনিন্দ্য। তিনি বলেন, ‘এই সফরের সবচেয়ে বড় সাফল্য বাংলাদেশের অডিও প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যালবাম প্রকাশের প্রস্তাব পাওয়া।’ তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ থেকেই চন্দ্রবিন্দুর পরবর্তী অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। আগামী বছরের শুরুর দিকে এই অ্যালবাম বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।