চন্দ্রাবতী অথবা লেডি ম্যাকবেথের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়েকা। ছবি: কবির হোসেন
সায়েকা। ছবি: কবির হোসেন

মঞ্চের সঙ্গে সায়েকার যুক্ত হওয়ার গল্পটা কিছুটা সাদামাটা, দিনে দিনে কঠোর পরিশ্রমের মাধ্যমে এতদূর এসেছেন তিনি। সেই যে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বুঝে না বুঝে যোগ দিয়েছিলেন নাটকের দলে, তারপর অনেক সময় কেটে গেল। বড় হলেন ছোট্ট সায়েকা। সঙ্গে সঙ্গে মঞ্চনাটকের সঙ্গে তাঁর ভালোবাসা ও বোঝাপড়ার সুতোটাও স্ফীত হলো আরও।
: মঞ্চের সঙ্গে কত দিনের ঘরসংসার?
: প্রায় ৩০ বছরের।
: আপনার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটক?
: ১৯৮৮ সালে প্রথম মঞ্চে দাঁড়িয়েছিলাম চন্দ্রাবতী নাটকে। এখানে আমি ছিলাম মুখ্য চরিত্রে—চন্দ্রাবতী। এরপর সোজন বাদিয়ার ঘাট-এ দুলি চরিত্র, চৈতন্যের দ্রোহ নাটকে দেবী, ক্ষেতমজুর খৈমুদ্দিন-এ রাজাকারের স্ত্রী, বেদের মেয়েতে চম্পাবতী, ম্যাকবেথ নাটকে লেডি ম্যাকবেথ—এসব প্রযোজনায় কাজ করেই দিনে দিনে পরিপক্ব হয়েছি আমি।
সায়েকার পুরো নাম সৈয়দা শমসি আরা। ২৩ আগস্ট তরুণ এই অভিনয়শিল্পীর সঙ্গে কথা হচ্ছিল প্রথম আলো কার্যালয়ে। সেদিন আমাদের সামনে টুকরো টুকরো কথায় নিজের নাট্যজীবন মেলে ধরছিলেন সায়েকা, আর আমরাও যেন দেখতে পাচ্ছিলাম একজন নাটকের মানুষের দিনরাত্রি। সায়েকা এখন সবার কাছে পরিচিত পদাতিক নাট্যসংসদের (টিএসসি) প্রযোজনা ম্যাকবেথ-এর লেডি ম্যাকবেথ হিসেবে। নাটকটি মঞ্চে এসেছে ২০১৩ সালে। আমরা তাই শুনতে চাই লেডি ম্যাকবেথের গল্প। কিন্তু লেডি ম্যাকবেথ তো সায়েকার জীবনের একটি পর্যায়। ফলে স্বাভাবিকভাবে এর আগের গল্পগুলোও এল, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছি খুব ছোটবেলায়। বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখতাম। তো, একসময় আমার বড় বোন পদাতিক নাট্যসংসদের সদস্য হলো। তার সঙ্গে এখানে এলাম আমিও। আমি তখন বেশ ছোট। নাটকের মহড়া হতো, দেখতাম, খুব ভালো লাগত।’
এভাবে দেখতে দেখতেই দলের চন্দ্রাবতী প্রযোজনায় মুখ্য চরিত্রে অভিনয়, তা-ও দলে যোগ দেওয়ার বছর দুই পরে। তত দিনে তাঁর কয়েকটি কর্মশালায় অংশ নেওয়া সারা। তবে একটি চরিত্রকে আত্মস্থ করে অভিনয়ের কৌশলগুলো আয়ত্তে আসেনি ঠিকঠাক। সায়েকা বললেন, ‘চন্দ্রাবতী নাটকে আমার এমন একটা দৃশ্য ছিল, যেখানে স্বামী জয়ানন্দের বিরহে কাঁদব আমি। কিন্তু গড়গড় করে সংলাপ বললেও আমার চোখে তো কান্না আসে না। অবশেষে নাটকের নির্দেশক কামরুজ্জামান রুনু আমাকে বললেন, তুমি সংলাপ দিয়ে লাইটের দিকে তাকিয়ে থাকবা।’
কথাগুলো বলতে গিয়ে সায়েকা হাসলেন একঝলক। এরপর ফিরে এলেন ম্যাকবেথ নাটকে, ‘লেডি ম্যাকবেথের চরিত্রটি—তার চরিত্রের আত্মদম্ভ ও উচ্চাকাঙ্ক্ষী রূপটি নানাভাবে বিশ্লেষণ করেছি আমি। এ নাটকের নির্দেশক সুদীপ চক্রবর্তী। তাঁর নির্দেশনা কৌশল অনেকের চেয়ে ভিন্ন। লেডি ম্যাকবেথকে আত্মস্থ করতে তিনি ভীষণ রকম সাহায্য করেছেন আমাকে।’
পুরোপুরি আত্মস্থ কি করা গেছে শেক্সপিয়ারের লেডি ম্যাকবেথকে?
‘জানি না। তবে অনেকের কাছে যখন শুনতে পাই, লেডি ম্যাকবেথের অভিনয় দেখার জন্য ম্যাকবেথ দেখতে যাচ্ছি, তখন মনে হয় আমার চেষ্টা অনেকটাই সফল হয়েছে।’
চেষ্টা যে সাফল্য পেয়েছে, তা বোঝার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই। দীর্ঘদিন মঞ্চের সঙ্গে যুক্ত থাকলেও ম্যাকবেথের পর থিয়েটারের মানুষজন সায়েকাকে চিনেছেন নতুনভাবে।
সায়েকা বুলবুল ললিতকলা একাডেিমর নাচের শিক্ষক, একটি ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়াচ্ছেন—এগুলো তাঁর পেশাগত পরিচয়। আর নাটক ও নাট্যমঞ্চ হলো তাঁর নেশা, স্বপ্ন ও বেঁচে থাকার অন্যতম অবলম্বন। কথার শেষ বেলায় পদাতিক নাট্যসংসদের সৈয়দা শমসি আরা নামের এই তরুণ মঞ্চজন তাই বললেন, ‘শেষ পর্যন্ত অভিনয়ই করতে চাই। এখনো অনেক শেখার বাকি। মঞ্চকে বুঝতে চাই একটু একটু করে।’