চন্দ্রাবতী কথায় নওশাবা

সম্প্রতি অনুদানের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী নওশাবা। নতুন এই ছবির নাম ‘চন্দ্রাবতী কথা’। ছবিটি পরিচালনা করছেন এন রাশেদ চৌধুরী। মুঠোফোনে ওপাশ থেকে এটুকুই বললেন অভিনেত্রী। নওশাবা বলেন, ‘আমাদের ওই পর্যন্তই বলার অনুমতি আছে। জানলেও আপাতত আর কিছু বলতে পারছি না। সম্ভবত আনুষ্ঠানিকভাবে পরিচালকই সব জানাবেন। এ জন্যই আমাদের মুখে কুলুপ আঁটতে বলেছেন।’
মুঠোফোনে পরিচালকও অবশ্য একই কথাই বললেন। আনুষ্ঠানিকভাবে জানার আগে যতটুকু জানা গেল তা হচ্ছে, এ বছর সরকারি অনুদান পেয়েছেন এন রাশেদ চৌধুরী। নিয়ম অনুযায়ী খুব তাড়াতাড়িই কাজ শুরু হবে ‘চন্দ্রাবতী কথা’ ছবিটির। ময়মনসিংহ গীতিকা থেকে নেওয়া হয়েছে ‘চন্দ্রাবতী কথা’ ছবির গল্প।
ছবিতে অভিনয় প্রসঙ্গে নওশাবা বলেন, ‘আমার এখন ধ্যানজ্ঞান ‘চন্দ্রাবতী কথা’ চলচ্চিত্রের জন্য। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। সরকারি অনুদানের সিনেমায় এটাই আমার প্রথম কাজ। আমি খুব আশাবাদী। আশা করছি অনেক ভালো কাজ হবে।’
এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন নওশাবা। মুক্তির অপেক্ষায় আছে ওয়াহিদ তারেক ‘আলগা নোঙর’ চলচ্চিত্রটি। এ ছাড়া, ‘প্রতিরুদ্ধ’ ছবিরও শুটিং চলছে।