চন্দ্রাবতীর শিশুসাহিত্য সম্মেলন

ঠাকুরমার ঝুলি কিংবা হ্যারি পটার-এর মতো অভিনব ও নতুন ধারার শিশুসাহিত্য লেখা হচ্ছে না অনেক দিন। এসবের জনপ্রিয়তাকে স্পর্শও করতে পারেনি নতুন সময়ের শিশুসাহিত্যগুলো। এর মধ্যেও শিশুদের জন্য লিখে চলেছেন আমাদের শিশুসাহিত্যিকেরা।
গতকাল বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনের চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন। এতে যোগ দিয়েছেন ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশুসাহিত্যিকেরা। শিশুসাহিত্যে অবদান রাখার জন্য এই উৎসবে ‘চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কার ২০১৫’ দেওয়া হয়েছে তিন শিশুসাহিত্যিককে। তাঁরা হলেন হালিমা খাতুন, হায়াৎ মামুদ ও আলী ইমাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের হাতে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
আনিসুজ্জামান বলেন, ‘চন্দ্রাবতীর প্রকাশনাগুলো অত্যন্ত উন্নতমানের। সেগুলো হাতে ছুঁয়ে দেখতেও আরাম লাগে। শিশুসাহিত্য বিকাশে তাঁদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’
প্রথম অধিবেশনের পর কিশোরগঞ্জ সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা পরিবেশন করেন একটি গীতিনৃত্যনাট্য।
আজ শনিবার উৎসবের শেষ দিনে থাকবে প্রবন্ধ ও ছড়া পাঠ, আবৃত্তি এবং গীতিনৃত্যনাট্য।