চন্দ্রাভিযানের স্মৃতিময় আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের যৌবনকালে ঘটে যাওয়া মানবজাতির অন্যতম শ্রেষ্ঠ বিজয়ের রোমাঞ্চিত দিনগুলো মনে পড়ল। খুব স্মৃতিভাবাতুর লাগছে।’ এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল মঙ্গলবার মানুষের চাঁদে অবতরণের ৪১ বছর পূর্তি উপলক্ষে মিরপুর রোডের আলিয়ঁস ফ্রঁসেজে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্তব্য খাতায় এই কথাগুলো লিখেছেন তিনি।আলিয়ঁসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে চাঁদে অভিযানের নানা ঐতিহাসিক আলোকচিত্র। প্রথম ছবিটিই হচ্ছে চাঁদজয়ের সনদপত্র, যেখানে লেখা ‘আমারা এখানে এসেছি মানবজাতির শান্তির বার্তা নিয়ে’। আর এই সনদে স্বাক্ষর করেছেন তিন নভোচারী নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন ও মাইকেল কলিন্স। নিচে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের স্বাক্ষর। যখন চাঁদে অবতরণের লক্ষ্য নিয়ে অভিযানে নামা অ্যাপোলো ৮, ৯ ও ১০ ব্যর্থ হলো, তখন সুযোগ এল অ্যাপোলো-১১-এর। ১৯৬৯ সালের ২০ জুলাই এই যানে চড়ে অভিযানে নামা সদস্যরা পূরণ করলেন মানবজাতির অন্যতম সেরা স্বপ্ন—‘চাঁদের বুকে মানুষের প্রথম পদার্পণ।’প্রদর্শনীতে রয়েছে চন্দ্রাভিযানের তিন নভোচারীর একসঙ্গে প্রশিক্ষণের নানা মুহূর্ত ও অভিযান শেষের ছবি। রয়েছে চাঁদ থেকে ফিরতি পথে পৃথিবীতে আসার সময়কার ছবি। অ্যাপোলো-১১-এর অফিশিয়াল প্রতীক, এলিংটন এয়ারফোর্স বেজে হাস্যোজ্জ্বল তিন নভোচারী, চাঁদের বুকে নভোচারীর বুটের ছবি, নীল আর্মস্ট্রংয়ের চাঁদে প্রথম পদক্ষেপ ও বুটের ছবি। চাঁদে নেমে এডুইন অলড্রিন নিজের প্রতিকৃতি তোলার জন্য পোজ দিচ্ছেন, স্যালুট করছেন নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। অ্যাপোলো-১১ চাঁদ থেকে পৃথিবীতে ফিরতে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ার পর উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করছে—সেই ছবিও রয়েছে এই প্রদর্শনীতে।পৃথিবী থেকে বহুদূরের চাঁদ দেখতে কেমন লাগে সে তো সবাই দেখছেন প্রতিনিয়তই। কিন্তু চাঁদ থেকে পৃথিবী নামের এই গ্রহকে কেমন লাগে তার ছাবিও আছে। আবার চাঁদ থেকে ফেরার সময় কক্ষপথ থেকে তোলা পৃথিবীর আলোকচিত্রও রয়েছে এই প্রদর্শনীতে। এর আয়োজন করেছে বিজ্ঞান সংগঠন কসমিক কালচার, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও আলিয়ঁস ফ্রঁসেজ।গতকাল বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজের উপপরিচালক জ্যাক বুনা, কসমিক কালচারের সভাপতি অনীশ মণ্ডল, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন ও অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টসের বিক্রয় বিভাগের কর্মকর্তা কার্তিক দে।প্রদর্শনীর উদ্বোধন শেষে কসমিক কালচারের ওয়েবসাইট www.cosmicculture.org-এর উদ্বোধন করা হয়। এরপর ছিল জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আবদুল জব্বার স্মরক বক্তৃতা। বক্তৃতায় ‘আমাদের মহাবিশ্ব’ শীর্ষক আলোচনা করেন আলী আসগর। পরে অ্যাপোলো-১১ মহাকাশযানের মাধ্যমে চাঁদে অভিযানের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।চাঁদে অবতরণের ৪১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী চলবে ৩ আগস্ট পর্যন্ত। এ ছাড়া স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য ৩০ জুলাই ‘ইশকুল অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হবে।অলোক রায়ের প্রদর্শনীচট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনের ঠিক মাঝখানে বড় একটি ভাস্কর্য। সবাই মুগ্ধ চোখে দেখছে। মিলনায়তনের দেয়ালজুড়ে নানা আলোকচিত্র। সেই আলোকচিত্রে ভাস্কর অলক রায় এবং বিভিন্ন সময়ে করা তাঁর শিল্পকর্ম।দেশের বিশিষ্ট ভাস্কর ও টেরাকোটা শিল্পী অলক রায়ের ৬০তম জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ছয় দিনব্যাপী ভাস্কর্য, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।উদ্বোধন করেন চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের প্রেসিডেন্ট আদিল হোসাইন ও দৈনিক পূর্বকোণ-এর ব্যবস্থাপনা পরিচালক এম রমিজুদ্দিন চৌধুরী। চট্টগ্রামে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পবোদ্ধারা শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন সেখানে। প্রদর্শনীতে ভাস্কর্য ছাড়াও বিভিন্ন্ন সময়ে দেশে-বিদেশে আয়োজিত প্রদর্শনীর আলোকচিত্র স্থান পেয়েছে। এ ছাড়া শিল্পীকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। শেষ হবে ২৫ জুলাই।ঐতিহ্যের বিশেষ ছাড়ের বই উৎসব‘প্রতিবছর জুলাই-আগস্টে এই ঐতিহ্যের বই উৎসবটার জন্য অপেক্ষা করি। একুশে বইমেলায় যেসব কেনা হয়নি, তা এখান থেকে আরও বেশি মূল্যছাড়ে সংগ্রহ করা যায়।’ বলছিলেন মিরপুরের মোস্তফা সুমন। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উন্মুক্ত প্রাঙ্গণে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ১০ বছর পূর্তিতে পক্ষকালব্যাপী ‘বই উৎসব’ চলছে। উৎসবে ঐতিহ্য পাঠক-ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। পাঠকদের বিপুল সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান। তিনি জানান, ঐতিহ্য প্রকাশ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও জীবনানন্দ দাশের রচনা সমগ্র, যা পাঠক বিশেষ মূল্যে সংগ্রহ করতে পারবে এই বই উৎসব থেকে। উৎসব চলবে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা।