চবিতে ফিল্ম রেট্রোসপেক্টিভ ও কর্মশালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ‘তানভীর মোকাম্মেল ফিল্ম রেট্রোসপেক্টিভ’। এভে তানভীর মোকাম্মেলের পাঁচটি চলচ্চিত্র দেখানো হবে। এ ছাড়া চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনার ওপর পাঁচ দিনের একটি কর্মশালাও পরিচালনা করবেন নির্মাতা তানভীর মোকাম্মেল। কর্মশালা হবে বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, নন্দনতত্ত্ব, চিত্রগ্রহণ, শব্দের নন্দনতত্ত্ব, চিত্রনাট্য, শিল্প-নির্দেশনা, আবহসংগীত ও চলচ্চিত্র সমালোচনা বিষয়গুলোর ওপর।
রোববার থেকে যৌথভাবে পাঁচ দিনের এ কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট। দেখানো হবে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’, ‘লালন’, ‘রাবেয়া’, ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘জীবনঢুলী’ ছবিগুলো।
রেট্রোসপেক্টিভ উদ্বোধনের দিন রোববার বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে ‘লালসালু’ ছবিটি। এ ছাড়া প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে অন্য ছবিগুলো দেখানো হবে।
কর্মশালায় তানভীর মোকাম্মেল ছাড়াও প্রশিক্ষক হিসেবে আলোচনা করবেন শিল্প নির্দেশক উত্তম গুহ, চিত্রগ্রাহক পঙ্কজ পালিত ও সংগীত পরিচালক সৈয়দ সাবাব আলী।