চমক নিয়ে আসছেন শুভ

দিন গড়িয়ে রাত—তবুও চলছে কাজ। কাজের ফাঁকে যখন সময় মিলল, আয়নায় নিজের ওপর এক নজর চোখ বুলিয়ে নিলেন আরিফিন শুভ। ‘সব একেবারে ঠিকঠাক তো?’ কাজের বেলায় এমনই নিখুঁত থাকার প্রত্যয় সব সময়ই তাড়া করে ফেরে তাঁকে। বিশেষ করে ফিটনেসের বিষয়ে সদা সচেতন। কিন্তু মাঝে ইনজুরির কবলে পড়ে জিম আর ব্যায়াম থেকে খানিকটা দূরে সরে যান শুভ।
একেবারে ‘জিম-পাগল’দের মতো অনুশীলন করতে পারেন না এখন। চিকিৎসকদের মানা আছে। তবুও ওই যে নিখুঁত থাকার তাগিদ—যার কারণে নিষেধ থাকা সত্ত্বেও পুশ-আপ, পুল-আপ আর ওয়েটলিফটিং করাই হয় তাঁর।
আসছে ওয়ার্নিং ছবির জন্যও নিজের ফিটনেস নিয়ে বেশ খাটছেন শুভ। জানিয়েছেন, অন্য সব ক্ষেত্রে তো এক চেহারাতেই পুরো ছবি শেষ করে দিয়েছেন। কিন্তু চমক থাকবে শাফিউদ্দিন শাফি পরিচালিত ওয়ার্নিং-এ। এ ছবিতে শুভকে দেখা যাবে একাধিক চেহারায়। প্রতিটা লুকে শুধু মেকআপের কারসাজি নয়, থাকবে আরিফিন শুভর নিখুঁত থাকার চেষ্টাও। তবে ‘লুক’গুলো কেমন হবে? কিংবা এ জন্য কতটা খেটেছেন তিনি সে বিষয়ে মুখ খুলতে নারাজ এ অভিনেতা। শুধু বলেছেন, যখন ছবির প্রচার শুরু হবে, পোস্টার-ট্রেলার মুক্তি পাবে, দর্শকেরা সে সময় সব জানতে পারবেন। ছবির গল্প মূলত গড়ে উঠেছে এক কিডন্যাপারকে ঘিরে। আর সেই কিডন্যাপারের চরিত্রেই দেখা যাবে শুভকে। এতে তাঁকে নানান সময়, নানান বেশ ধারণ করতে দেখা যাবে।
বছরের শুরুর দিকের ইনজুরি এখনো কাটিয়ে উঠতে না পারায় ফিটনেসের বেলায় আপাতত নিজের শতভাগ দিতে পারছেন না শুভ। তবে জানিয়েছেন, এ বছরের শেষ নাগাদ চিকিৎসকের কাছ থেকে মিলবে সবুজসংকেত। তখন আবারও ঝাঁপিয়ে পড়বেন তিনি। সিক্স-প্যাক থেকে এইট-প্যাক নিয়ে ঢালিউডের ফিটেস্ট অভিনেতার তকমা তখন হবে শুধুই তাঁর। তাই অপেক্ষা বছর শেষে সবুজসংকেতের।
মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভ অভিনীত আশিকুর রহমানের পরিচালনায় কিস্তিমাত এবং শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন ছবি দুটি।