চমক যা থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় ইশকিয়া  ছবিতে মাধুরী দীক্ষিত
দেড় ইশকিয়া ছবিতে মাধুরী দীক্ষিত

পুরো বছরটাই ছিল রেকর্ড ভাঙা-গড়ার খেলা আর চমকে ভরা, তবু ২০১৩-এর বলিউডে একটা কিন্তু অপূর্ণতা ছিল। উত্তরটা আপনি দিতে না পারলেও সালমানভক্তরা মনে মনে কিন্তু দিয়েই ফেলেছে। যতই দুই খান সাহেব বক্স অফিস মাত করে রাখুক সালমান খানকে বলিউড বক্স অফিস সত্যিই কিন্তু মিস করেছে। তবে নতুন বছরে সব ভক্তের মুখেই হাসি ফোটাবে বলিউড। থাকছে তিন খানেরই ছবি, সঙ্গে আরও বেশি চমক, আরও বেশ কিছু বিগ বাজেট ও তারকাসমৃদ্ধ ছবি
দেড় ইশকিয়া

হিটের রেলগাড়িটা গত বছরের মতো এবারও হয়তো সিক্যুয়েলের হুইসেল বাজিয়েই যাত্রা শুরু করবে। ২০১০ সালের ব্যবসাসফল ছবি ইশকিয়ার সিক্যুয়েল দেড় ইশকিয়া মুক্তি পেতে চলেছে আগামীকালই। যদিও ধুম ৩ এখনো বলিউড বক্স অফিসকে বুঝতেই দেয়নি পুরোনো বছরের হিসাব চুকিয়ে হালখাতা খোলার সময় হয়েছে। তবে দেড় ইশকিয়া নিয়ে দর্শকের মধ্যে আগ্রহের কারণ তো আছেই। ফিরছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। সঙ্গে থাকছেন নাসিরউদ্দিন শাহ, আরশাদ ওয়ার্সি ও হুমা কুরেশি।

.
.

জয় হো

অপেক্ষার পালা শেষ সালমানভক্তদের। আর মাত্র কদিন পরেই সাল্লু জয় হো নিয়ে ফিরছেন খান সাম্রাজ্য দখলে। ছবি মুক্তির আগেই সালমান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শাহরুখের চেন্নাই এক্সপ্রেস, হূতিকের কৃষ থ্রি ও আমিরের ধুম থ্রিকে। সোহেল খান পরিচালিত এই ছবিতে আরও থাকছেন টাবু। সঙ্গে দুই নতুন নায়িকা সানা খান ও ডেয়জি শাহ। দুজনের সঙ্গেই সালমানকে জড়িয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কানাঘুষা। ছবিটি মুক্তি পাবে ২৪ জানুয়ারি।

গুন্ডে

যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত গুন্ডে ছবিটি দর্শকদের আবারও ফিরিয়ে নিয়ে যাবে সত্তরের দশকের কলকাতায়। আব্বাস জাফর পরিচালিত এ ছবিতে তৎকালীন কয়লা মাফিয়াদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে সঙ্গে নিয়ে এবার কলকাতা দাপিয়ে বেড়াবেন দুই উঠতি মাস্তান চরিত্রে রণবীর সিং ও অর্জুন কাপুর। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একসঙ্গে বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে ছবিটি।

গুলাব গ্যাং
সমসাময়িক হয়ে সমান্তরালভাবে বলিউড পাড়ায় রাজত্ব করলেও কোনো দিন পর্দায় একসঙ্গে আসেননি মাধুরী দীক্ষিত-জুহি চাওলা। বাঙালি পরিচালক সৌমিক সেনের প্রথম ছবিতে এই প্রথম পর্দায় একসঙ্গে আসছেন তাঁরা। সামাজিক অন্যায়ের বিরুদ্ধে একদল নারীর লড়াই নিয়ে তৈরি গুলাব গ্যাং ছবিটি মুক্তি পাবে ৭ মার্চ, নারী দিবসে। চলতি বছর মাধুরী দীক্ষিতের দ্বিতীয় ছবি এটি।

পিকে
রাজকুমার হিরানি পরিচালিত পিকে ছবিটি একটি রাজনৈতিক স্যাটায়ার। সম্ভবত বছরের সবচেয়ে প্রত্যাশিত ছবি এটি। থ্রি ইডিয়টস ছবির পর আবার একসঙ্গে কাজ করছেন হিরানি-আমির খান জুটি। ছবিটিতে আমির ছাড়াও থাকছেন আনুশকা শর্মা ও সুসান্ত সিং রাজপুত। প্রথমবারের মতো আমিরের সঙ্গে অভিনয়, তাই বক্স অফিসের দিকে তাকিয়ে আনুশকাও। ছবিতে আমিরের ঘাঘরা লুক আর আনুশকা-আমিরের গভীর চুম্বন দৃশ্য দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ইতিমধ্যেই। ছবিটি মুক্তি পাবে জুন মাসের ৬ তারিখ।

ব্যাং ব্যাং
জিন্দেগি না মিলেগি দোবারার পর আবারও একসঙ্গে হূতিক-ক্যাটরিনা। টম ক্রুজ অভিনীত জনপ্রিয় হলিউড ফ্লিক নাইট অ্যান্ড ডের বলিউড সংস্করণ এই ছবি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ। গত বছর কৃষ থ্রি ছবির ব্যাপক সাফল্য এ ছবির মাধ্যমে এ বছরও বহাল রাখতে চাইবেন হূতিক রোশন। তা ছাড়া শুটিংয়ের সময় হূতিকের চোট লাগার পর থেকেই এই ছবির অপেক্ষায় হূতিকভক্তরা। ছবিটি মুক্তি পাবে ২ অক্টোবর।

হ্যাপি নিউ ইয়ার
ভক্তদের হ্যাপি নিউ ইয়ার বলতে একটু দেরিই করে ফেলবেন এবার শাহরুখ খান। শাহরুখের এ বছরের ছবি হ্যাপি নিউ ইয়ার মুক্তি পাবে অক্টোবরে। ফারাহ খান পরিচালিত এ ছবিতে আবারও একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সঙ্গে থাকছেন অভিষেক বচ্চন ও বোমান ইরানি। ছবির পুরো শুটিংই হয়েছে দুবাইতে।

বোম্বে ভেলভেট
ষাটের দশকে মুম্বাইয়ের স্ট্রিট ফাইটার রণবীর কাপুর আর জ্যাজ গায়িকা আনুশকা শর্মার প্রেম নিয়ে বম্বে ভেলভেট ছবির গল্প। রণবীর-আনুশকা প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে। তবে এই ছবির সবচেয়ে বড় চমক হলো এতে খল চরিত্রে নাকি থাকছেন পরিচালক প্রযোজক করণ জোহর। শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ছবির। ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর, বড়দিনে।

আরও যা থাকছে
ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে রকস্টার-খ্যাত ইমতিয়াজ আলীর বহু প্রতীক্ষিত ছবি হাইওয়ে (আলিয়া ভাট, রণদীপ হুডা)। ফেব্রুয়ারিতেই থাকছে বিদ্যা বালানের শাদি কা সাইড এফেক্টস এবং পরিণীতি চোপড়া অভিনীত হাসি তো ফাসি। বিদ্যার আরেকটি ছবি ববি জাসুসও রয়েছে এ বছরের প্রতীক্ষিত ছবির তালিকায়। ভূতনাথ ছবির সিক্যুয়েল ভূতনাথ রিটার্নস নিয়ে এ বছর আবারও আসছেন অমিতাভ বচ্চন। থাকছে অ্যাকশন-কমেডি-রোমান্সে পরিপূর্ণ প্রভু দেবা পরিচালিত ছবি অ্যাকশন জ্যাকসন (অজয় দেবগন, সোনাক্ষী সিনহা)। থাকছে পরিচালক সাজিদ খানের বাঁচা-মরার ছবি হামসকলস (সাইফ আলী খান, রিতেশ দেশমুখ ও রাম কাপুর)। এ ছাড়া এ বছরই মুক্তি পাবে সালমান খানের কিক , হূতিক-কারিনা জুটির শুদ্ধি এবং লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মুষ্টিযোদ্ধা মেরি কমের ভূমিকায় প্রিয়াঙ্কা অভিনীত মেরি কম বায়োপিক ছবিগুলো।
 সাজিদুল হক
জিনিউজ, ইন্ডিয়া টাইমস, ফিল্মফেয়ার, বলিউড হাঙ্গামা, আইএমডিবি অবলম্বনে