চমকপ্রদ তাসের দেশ
সে এক এমনি দেশ, যেখানে কেবল নিয়ম আর নিষেধ। সে দেশে নেই কোনো আনন্দ। সেখানে একদিন এল এক রাজপুত্র। সে গাইল নিয়ম ভাঙার গান। তার সঙ্গে সঙ্গে দেশের সবাই স্বাধীনচেতা হয়ে উঠতে চাইল। প্রাণশক্তিতে সজীব মানুষ হয়ে ওঠার বাসনা হলো সবার। এই হলো রবীন্দ্রনাথের এই গীতিনৃত্যনাট্য তাসের দেশ-এর কাহিনি। গতকাল শুক্রবার নতুন আঙ্গিকে পরিবেশন করা হলো নাটকটি। কবিগুরুর সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে গীতিনৃত্যনাট্যটি মঞ্চে এনেছিল সাধনা। সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তন ছিল দর্শকে পূর্ণ। মঞ্চের পেছনে আলোছায়ায় কখনো মেঘ, কখনো সমুদ্রে পাল তোলা নৌকা ছুটছে। ‘হেঁইয়ো হো হেঁইয়ো’ শব্দে মঞ্চে এলেন একদল শিল্পী। মনের আনন্দে নাচলেন তাঁরা। এর পরই মঞ্চে রাজপুত্রের আবির্ভাব। যে রাজপ্রাসাদের গুমোট পরিবেশ থেকে মুক্ত হয়ে ছুটে বেড়াতে চায় স্বাধীন হয়ে। অনেক গল্পের পর রাজপুত্র পৌঁছায় তাসের দেশে। সেখানে সবার চলাফেরা দম দেওয়া পুতুলের মতো নিয়মমাফিক। পুতুলের মতো কথা বলে, তেমন করেই নড়েচড়ে। এরপর নাচে-গানে এগিয়ে যায় নৃত্যনাট্য। বর্ণিল পোশাক-আশাক আর চমৎকার নৃত্যাভিনয় দর্শকদের দিয়েছে নির্মল আনন্দ। মন্ত্রমুগ্ধ হয়ে দর্শক দেখেছে এই পরিবেশনা। পুরোনো হলেও গতকাল তাসের দেশ-এর উপস্থাপনা দর্শকের কাছে ছিল নতুন এক অভিজ্ঞতা। রবীন্দ্র-নাচের পাশাপাশি যুক্ত হয়েছে পুরুলিয়ার ছৌনাচ, মণিপুরি এবংসমসাময়িক নৃত্যভাবনা। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর, আনুশেহ, সায়ান চৌধুরী, ওয়াকিল আহমেদ, নন্দিতা ইয়াসমীন প্রমুখ। নৃত্য পরিবেশন করেছেন লুবনা মরিয়ম, লায়লা হাসান, অমিত চৌধুরী, ওয়ার্দা রিহাব, অপ্রিতা সোম প্রমুখ। সংগীতায়োজন করেছেন তন্ময় বোস। নাচের নির্দেশনা দিচ্ছেন ওয়ার্দা রিহাব। অতিথি কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন যুক্তরাজ্যের লিডস মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক র্যাচেল কৃশে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় জানানো হয়, রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ব্রিটিশ কাউন্সিল। এরই অংশ হিসেবে এই গীতিনৃত্যনাট্য। এ ছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে চ্যানেল আইয়ের সঙ্গে দেশব্যাপী রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা ‘নবগানে নবপ্রাণে’।