চমকে দিলেন পাওলি
কালবেলা—এই ছবি বদলে দেয় পাওলি দামের জীবন। এরপর স্বনামধন্য পরিচালকদের পাশাপাশি কাজ করছেন নতুনদের সঙ্গেও। এবার তিনি ঢাকার ছবিতে অভিনয় করছেন। নাম সত্তা। শুটিংয়ের ফাঁকে এসেছিলেন প্রথম আলোতে

১৭ নেভম্বর সোমবার। প্রথম আলো কার্যালয়ের ষষ্ঠতলা। ঘড়িতে তখন সন্ধ্যা ছয়টা ১২ মিনিট।
এক মেয়ে এসে ঢুকলেন অফিসে। শুরুতে কেউ তাঁকে তেমন খেয়াল করেননি। হঠাৎ সবার মনে হলো, আরে, ইনি তো পাওলি দাম! হ্যাঁ, এভাবেই সবাইকে চমকে দিলেন তিনি।
কথা ছিল শুটিং শেষ করে রাত ১০টা নাগাদ পাওলি আসবেন প্রথম আলোয়। কিন্তু তিনি এলেন ওই সময়ের অনেক আগেই। বললেন, ‘গিয়েছিলাম মিরপুর বেনারসিপল্লিতে আর আসাদগেটে আড়ংয়ে। শাড়ি কিনব। জামদানি শাড়ি। ঢাকাই জামদানি আমার খুব পছন্দ।’
: কয়টা জামদানি কেনা হলো?
: না, একটাও না। কাল অথবা পরশু (১৮ বা ১৯ নভেম্বর) যাব গুলশানের আড়ংয়ে।
: আপনাকে কেউ চিনতে পারেনি?
: একদম পারেনি। সেভাবেই গিয়েছিলাম। চুল দিয়ে মুখ ঢেকে রেখেছিলাম।
: বাংলাদেশে আপনি এর আগেও এসেছেন।
: গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে অভিনয় করেছি। তখন এসেছিলাম। এ ছাড়া আরও দুবার এসেছি। একবার একটি ফ্যাশন শোতে অংশ নিতে আর পরেরটি ছিল একটি জুয়েলারি দোকানের উদ্বোধন। তবে এবারই প্রথম বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করছি। নাম সত্তা।
জানালেন, এখানে সবার আতিথেয়তায় মুগ্ধ তিনি। শিল্পী আর কলাকুশলীদের ব্যবহারে আপ্লুত। আর খাওয়াদাওয়া তো আছেই।
: আপনি কী খেতে পছন্দ করেন?
: ইলিশ মাছ। পদ্মার ইলিশ। আমার জন্মদিন ৪ অক্টোবর। এই দিনটিতে বাজার থেকে বাবা আমার জন্য বড় ইলিশ মাছ নিয়ে আসেন। আমাদের খাবার কিন্তু এ দেশের মতোই। আমার দাদাবাড়ি ফরিদপুরে আর নানাবাড়ি যশোরে। ষাটের দশকে তাঁরা কলকাতায় চলে যান।
এবার পাওলি দামের ‘পাওলি’ নামের রহস্য একটু জানা যাক।
: আপনার নামটি কার দেওয়া?
: বাবা (অমল দাম) রেখেছিলেন। তিনি ছিলেন পর্বতারোহী। একসময় পাহাড়ে ওঠার দারুণ নেশা ছিল তাঁর। হিমালয়ে ‘পাওলি’ নামে একটি চূড়া আছে। বাবা সেখানে গিয়েছিলেন। নামটি তাঁর খুব পছন্দ হয়। একসময় ভাবতাম, নামটি সবাই না জানি কীভাবে নেয়। অসুবিধা হয়নি। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে কিন্তু পাওলি নামে একটি শহর আছে।
কদিন আগে কলকাতার একটি পত্রিকায় পাওলির রান্না করার একটি ছবি প্রকাশিত হয়। ছবিতে তাঁকে পাক্কা রাঁধুনি বলে মনে হয়েছে। পাওলি হেসে বললেন, ‘গত শুক্রবার আমাদের পারাপার ছবিটি মুক্তি পেয়েছে। তার আগে ছবির শিল্পী আর কলাকুশলীরা মিলে খাবারের আয়োজন করেছিলাম। পরিকল্পনাটা আমারই ছিল। কলকাতার আনোয়ার শাহ রোডের ওই ফ্ল্যাটে সেদিন মূলত রান্না করেছিলেন পারাপার ছবির সিনেমাটোগ্রাফার ইন্দ্রনীল। আমি আর ঋতুপর্ণা ছিলাম সহকারী। কিন্তু ছবিতে আমাদেরই বড় করে দেখানো হয়েছে।’
আবার রান্নার কথা। পাওলি বললেন, ‘আমার অন্যতম শখ রান্না করা। এখন সময় বেশি পাই না, তাই করা হয় না। বিরিয়ানি রান্নার চেষ্টা কখনো করিনি, তবে কন্টিনেন্টাল আর গ্রিলড খাবার রান্না করি। এসব খাবার চটজলদি রান্না করা যায়।’
সত্তা ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল এসেছিলেন পাওলির সঙ্গে। তিনি বললেন, ‘আমি আর পাওলি মিলে ঢাকা ও কলকাতায় রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করছি।’
পাওলিও মাথা নেড়ে সম্মতি জানালেন।
সত্তা ছবির গল্প দুজন মাকে নিয়ে। একজন মা তাঁর সন্তানকে বড় করার জন্য বেছে নেন চোরাচালানের পথ। একসময় তিনি মারা যান। আর অন্য একজন মা তাঁর গর্ভের সন্তানকে নিয়ে নতুন জীবনযুদ্ধের মুখোমুখি হন।
সোহানী হোসেনের ‘মা’ গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন ছবির পরিচালক। সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান।
এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে পাওলি বললেন, ‘ছবির গল্পটা প্রায় বছর দেড়েক আগেই আমাকে শুনিয়েছিলেন কল্লোল। চিত্রনাট্য দেখেছি। আমার কাছে কিন্তু অন্য রকম মনে হয়েছে। আর শুটিং করেছি মাত্র দুদিন। বৃহস্পতিবার (আজ ২০ নভেম্বর) পর্যন্ত ঢাকায় আছি। এরপর আবার আসব ডিসেম্বরে।’
একই রকম চরিত্রে কাজ করতে চান না পাওলি। তাঁর মতে, ‘একেঘেয়ে মনে হয়।’
বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করছেন। বললেন, ‘বিবেক অগ্নিহোত্রীর হেট স্টোরির পর ভেবেছিলাম একই ধরনের ছবি হয়তো আরও আসবে। কিন্তু তা হয়নি। এরপর আমি সোহেল টাটারির অংকুর অরোরা মার্ডার কেস ছবিতে অভিনয় করেছি। এই ছবিতে আমি ছিলাম আইনজীবী। পরিচালকেরাও জেনে গেছেন, আমি নীরিক্ষা করতে পছন্দ করি। তাই তাঁরাও আমার কাছে বিভিন্ন রকম চরিত্র নিয়ে আসেন।’
চলচ্চিত্রে পাওলির টার্নিং পয়েন্ট ছিল গৌতম ঘোষের কালবেলা ছবিটি। বললেন, ‘এই ছবিতে আমি প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেছি। কালবেলার পর প্রচুর ছবিতে কাজ করার সুযোগ পাই।’
পাওলি প্রথম কাজ করেছেন ছোট পর্দায়। অভিনয় করেছেন সিরিয়াল, টেলিছবি আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এসব কাজের মধ্যে আলাদা করে বললেন, ‘যিশু দাশগুপ্তের সিরিয়াল “তিথির অতিথি”তে আমি শুরুতে নেতিবাচক চরিত্রে অভিনয় করি, পরে অবশ্য তার পরিবর্তন হয়। ওটা দর্শক খুব ভালো নিয়েছিল। আসলে ওটা দেখেই আমাকে কালবেলায় নেওয়া হয়েছিল।’
বাংলাদেশের ছবি বলতে এ পর্যন্ত পাওলি দেখেছেন তারেক মাসুদের মাটির ময়না। এ দেশের নতুন শিল্পীদের জন্য তাঁর পরামর্শ, ‘একটা চরিত্রে নিজেকে ঠিক ঠিক বসানোর জন্য অনেক নিষ্ঠা আর অনেক প্রস্তুতি প্রয়োজন। চিত্রনাট্য আর চরিত্রটাকে মাখায় রেখে নিজের মতো করে একটা ওয়ার্কশপ যদি করা যায়, তাহলে খুব ভালো হয়। একটু হেলদি লাইফ, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, খাওয়াদাওয়া, সময় মেনে সবকিছু করা। অবশ্যই ভালো থাকা। শিল্প তখনই হয়, যদি মনটা ভালো থাকে। আমি তো মনে করি, একজন ভালো পরিচালক একজন শিল্পীর কাছ থেকে সবকিছু নিংড়ে নিতে পারেন।’
ওদিকে পরিচালক বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। এফডিসিতে সবকিছু প্রস্তুত। গিয়েই শুটিং শুরু করতে হবে। চলবে মধ্যরাত পর্যন্ত। সত্তা ছবিতে পাওলি অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে।
বিদায় নেওয়ার আগে পাওলি বললেন, ‘এবার ফরিদপুরে যাওয়ার খুব ইচ্ছা আছে। দাদাবাড়ির ভিটেটা যদি খুঁজে পাই। শুনেছি ওখানে নাকি এখন আর আমাদের কেউ নেই। তার পরও মনে একটু শান্তি পাব।’