৭ মার্চ রাতে লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে ক্যাথরিন বিগেলোর হাতে উঠল সেরা পরিচালকের অস্কার। একই সময় সারা বিশ্ব প্রস্ততি নিচ্ছিল আন্তর্জাতিক নারী দিবস পালনের। ‘মাইলফলক’ কথাটা বোধহয় ক্লিশই হয়ে গেছে। তবে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের শতবর্ষ পূর্তিতে প্রথম নারী হিসেবে সেরা পরিচালক হিসেবে অস্কার জিতে ক্যাথরিন বিগেলো একটা মাইলফলকই ছুঁয়ে ফেললেন। সেরা পরিচালক ছাড়াও সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি বিভাগে অস্কার জিতে নিয়েছে ক্যাথরিনের দ্য হার্ট লকার। দ্য হার্ট লকার-এর মূল প্রতিপক্ষ ছিল অ্যাভেটার। মুখোমুখি সাবেক স্বামী-স্ত্রী জেমস ক্যামেরন ও ক্যাথরিন বিগেলো। দুটি ছবিই মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। অস্কার যদি লড়াইয়ের ক্ষেত্র হয়, তবে বলতে হবে, গো-হারা হেরেছেন জেমস ক্যামেরন। ভিজুয়াল ইফেক্টস, আর্ট ডিরেকশন ও সিনেমাটোগ্রাফি বিভাগে তিনটি অস্কার জিতেছে অ্যাভেটার। এখন বক্স অফিস সাফল্যই ক্যামেরনের সান্ত্বনা।১৯৮৯ থেকে ১৯৯১ পর্যন্ত একত্রে সংসার করেছেন তাঁরা। আর এখন প্রতিদ্বন্দ্বী। সাংবাদিকেরা প্যাঁচালো টোপ ফেলেছিলেন ঠিকই। তবে তার আশপাশেও হাঁটেননি ক্যাথরিন। ‘জিম (জেমস ক্যামেরন) আমাদের মতো পরিচালকদের জন্য অনুপ্রেরণা। আমরা সবাই ওর কাছে কৃতজ্ঞ।’ বলেছেন ক্যাথরিন। নারী হিসেবেও নিজের অর্জনকে বড় করে দেখছেন না। ‘নিজেকে শুধু একজন চিত্রনির্মাতা বলেই ভাবি। আমি এমন দিনের অপেক্ষায় আছি, যেদিন এই নারী-পুরুষ বিভাগের কোনো গুরুত্ব থাকবে না।’ইরাকযুদ্ধে বোমা অকেজো করার দায়িত্বে নিয়োজিত একদল সেনাসদস্য নিয়ে নির্মিত হয়েছে দ্য হার্ট লকার। সেরা পুরস্কার জেতা ছবিগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কম টাকায় তৈরি হয়েছে এ ছবিটি। খরচ মাত্র এক কোটি ১০ লাখ ডলার। অস্কারের আগের দিন ঘোষণা করা হয়েছিল হলিউডের সবচেয়ে বাজে পারফরমেন্সের জন্য গোল্ডেন র্যাসপবেরি বা রেজি অ্যাওয়ার্ড। এ অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন স্যান্ড্রা বুলক। অল অ্যাবাউট স্টিভ ছবিতে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন বছরের সবচেয়ে বাজে অভিনেত্রীর খেতাব। একই ছবির জন্য ব্র্যাডলি কুপারের সঙ্গে সবচেয়ে বাজে জুটির পুরস্কারও পেয়েছেন। এর আগে শুধু হ্যালি বেরিই এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রহণ করেছিলেন ক্যাটওম্যান ছবির জন্য সবচেয়ে বাজে অভিনেত্রীর পুরস্কার। পরদিন ব্লাইন্ড সাইড ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতার জোর সম্ভাবনা ছিল বলেই বোধহয় স্যান্ড্রা পদধূলি দিতে গেলেন রেজিতে। একদিনের ব্যবধানে রেজি ও অস্কার জেতার ঘটনাও এবারই প্রথম ঘটল। স্যান্ড্রা নাকি দুটো পুরস্কারই একই শোকেসে সাজিয়ে রাখবেন। ‘ভালোর সঙ্গে খারাপটাও গ্রহণের মানসিকতা থাকতে হয় হলিউডে। তবে রেজিটা নিচের তাকে থাকবে।’ বলেছেন তিনি। ব্লাইন্ড সাইড ছবিতে স্যান্ড্রা এক উচ্চমধ্যবিত্ত নারীর চরিত্রে অভিনয় করেছেন। রাস্তা থেকে এক কালো ছেলেকে তিনি বাড়িতে নিয়ে আসেন এবং তাকে ফুটবল তারকায় পরিণত করেন। সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মো নিকির পুরস্কার জেতাটাও দারুণ ব্যাপার। এর আগে মাত্র চারজন কালো নারী অভিনয়শিল্পী পেয়েছেন এ পুরস্কার।পাঁচবারের বার শিকে ছিঁড়ল জেফ ব্রিজেসের ভাগ্যে। ক্রেজি হার্ট ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। ব্যাড ব্লেক নামের এক সংগীততারকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। যিনি অল্পবয়সী এক সাংবাদিকের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর জীবনটাকে বদলে ফেলার চেষ্টা করেন। সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে যে ক্রিস্টোফ ওয়াল্টজই পুরস্কার পাবেন এ নিয়ে তেমন সন্দেহ ছিল না। কুইনটিন ট্যারেন্টিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্ডস আলোচিত-সমালোচিত হয়েছিল। তবে ছবির সেরা অংশ যে ক্রিস্টোফ ওয়াল্টজের অভিনয়, সেটা এক কথাতেই স্বীকার করা যায়। এবারের অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন অ্যালেক বল্ডউইন ও স্টিভ মার্টিন।