চম্পার কাছে বন্ধু টাবুর ফোন
মঙ্গলবার দুপুরে চম্পার বাসার ফোনটা বেজে ওঠে। অপর প্রান্ত থেকে একজন বললেন, ‘চম্পাজি, চম্পাজি...। ম্যায় টাবু।’ ঢালিউডের চম্পা ও বলিউডের টাবু সাত-আট বছর আগে আবার অরণ্যে ছবিতে অভিনয় করেছিলেন। গৌতম ঘোষ পরিচালিত ছবিটির শুটিংয়ে তাঁদের প্রথম দেখা। ওই ছবিতে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। শুটিংয়ের পর বছর খানেক যোগাযোগ অব্যাহত থাকলেও পরে কাজের ব্যস্ততায় কেউ কারও খোঁজখবর রাখতে পারেননি। এত দিন পর বন্ধুর ফোন পেয়ে দারুণ খুশি চম্পা। বললেন, ‘টাবুর ফোন পেয়ে অবাক হয়েছি। ভেবেছিলাম, হয়তো আমাদের মধ্যে আর যোগাযোগ হবে না। অনেক বছর পর টাবুর ফোন পেয়ে আমি দারুণ খুশি।’চম্পা জানান, টাবু এখন দুবাইয়ে একটি ছবির শুটিং করছেন। সেখান থেকেই ফোন করেছেন। চম্পাকে তিনি ভারতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। চম্পা জানান, এখন একটু ব্যস্ত আছেন তিনি। তবে শিগগিরই বন্ধুর আমন্ত্রণ রক্ষা করবেন।