চরিত্র গঠনের পালা
অষ্টম শ্রেণীর স্কুলছাত্র আবদুর রাজ্জাক এসেছে যাত্রা দেখতে চাচা মান্নান মিয়ার সঙ্গে। এই তার প্রথম যাত্রা দেখা। রাতের গান-বাজনা শেষে রাজ্জাক জানায়, যাত্রা দেখে তার ভালো লেগেছে। ভালো ভালো কথা আছে এতে। শিক্ষা, সম্প্রীতি আর চরিত্র গঠনের বহু উপদেশ-বাণী নিয়েই যাত্রাপালা। প্রবাদ-প্রবচন আর নীতিকথার বহু ব্যঞ্জনায় সাজানো সামাজিক যাত্রাপালা বৌমা তোমার পায় নমস্কার বা এক টাকার সন্তান দেখেছে আবদুর রাজ্জাক। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার হাট পাগলায় শেষ রাতের পালা ছিল এটি। এখানে খুলনার নিউ রাজমহল অপেরার গান-বাজনা শেষ হয়েছে গত রোববার। দলটি সামাজিক, ঐতিহাসিক ও পৌরাণিক যে পালা সম্ভারে সাজানো, তা হচ্ছে—কোহিনূর, ইস্টিশনের মিষ্টি মেয়ে, দেবী সুলতানা, মা বিক্রির মামলা, জেল থেকে বলছি, মা-মাটি মানুষ, এক টাকার সন্তান, ফুলন দেবী। যাত্রাভিজ্ঞ অজয় কুমার সরকারের দক্ষ পরিচালনায় অল্পদিনেই দলটি ঈর্ষণীয় সফলতা পেয়েছে। দেশের শ্রেষ্ঠতম নায়িকা-গায়িকা পূর্ণিমা ব্যানার্জির জয়জয়কার যাচ্ছে। কম যাচ্ছেন না তাঁর সঙ্গে নটনির্দেশক কুমার দেবদাসও। মমতাময়ী অনিতা হালদারের ভুবন ভোলানো রূপ নেই। কিন্তু যেটুকু আছে, তা তাঁর অভিনয় দক্ষতা। অভিনয়টুকুই তাঁর পুঁজি। ‘মা’ চরিত্রাভিনেত্রী অনিতা হালদারের মাতৃরূপে মুগ্ধ দর্শক-শ্রোতা। নৃত্যগীতেও নিউ রাজমহল প্রশংসিত হচ্ছে। অশ্লীলতার বিরুদ্ধে দলটির কঠোর অবস্থান থাকার কারণে সব প্যান্ডেলে বায়না হচ্ছে না। এরপরও থেমে নেই তারা। মৌসুম শুরু থেকে ৮০টি রাতের ওপরে গান গেয়েছে। সুস্থধারায় বিশ্বাসী এমন সব আয়োজকের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বায়না নিচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দলের অগ্রিম বায়না নেওয়া আছে। দলের রেট উঠেছে ৪২ হাজার টাকা পর্যন্ত। অগ্রিম নিচ্ছে দেড় লাখ টাকা। দলের ঠাকুর (রান্নাবান্নার দায়িত্বে) গণেশ জানালেন, তিনি প্রতিদিন শিল্পীদের ভালো ভালো খাবার দিতে পারছেন। কিন্তু বিগত কয়েক বছর তা পারেননি। এবার দলটি ভালো হয়েছে। চাহিদা বেড়েছে, আয়ও হচ্ছে। তাই তিনি শিল্পীদের চাহিদামতো খাবারও দিতে পারছেন।এ দলের সংগীত পরিচালক মাস্টার সুবল বাবু। তিনি আছেন ফুরফুরে মেজাজে। তিনি বলেন, ‘নিয়মিত বেতন আর সময়মতো ভালো খাবার পাওয়ায় শিল্পীরা মহা খুশি। যখন যে গানটা শেখাতে চাই, তখনই তা কণ্ঠে তুলে ফেলে। নতুন গানের সুর করছি, শ্রোতাদের চাহিদামতো পরিবেশন করতে পারছি—ভালোই কাটছে।’কৌতুক শিল্পী কমলেশ রায়ের মঞ্চে যা, বাইরেও তা-ই। সারাক্ষণ হাসি-তামাশা করে কেটে যায়। বললাম, এত কী করে পারেন? সোজাসাপটা উত্তর দিয়ে বললেন, ‘পেটে ক্ষুধা নেই, তাই পারি।’ বিজ্ঞের মতো ভান করে অভিনয়ের ভঙ্গিতে বললেন, ‘জানেন দাদা, আদর্শের বুলিতে মন ভরে কিন্তু পেটের জ্বালা নীতিবাক্য মানে না। এখন পেটের জ্বালা নেই। নিয়মিত পয়সা পাওয়ায় সংসারের চিন্তা নেই। তাই তো নিজেও হাসি, পরকেও হাসাই।’ ভিলেন অভিনেতা আবদুল মান্নান সায় জানিয়ে বলেন, ‘এই তো লোকশিল্পীর জীবন। লোক মানসের সবাই আমরা। লোকজীবনের সঙ্গেই গ্রামীণ জনপদে কাটাতে চাই।’প্রসঙ্গত কিছুদিন আগে চৈতালী অপেরা নামের আরও একটি দলের গান হয়েছিল ফুলপুরে। তাতে দুটো দলের পরিবেশনায় তুলনামূলক আলোচনার সুযোগ আসে। অধিকাংশ দর্শকেরই মন্তব্য হচ্ছে, চৈতালী নাচে ভালো, রাজমহল গানে ভালো।