চরিত্র থেকে আলোকচিত্রের প্রেমে কল্যাণ

কল্যাণ ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা। সম্প্রতি তিনি সাজ্জাদ সুমন পরিচালিত ‘সে হয়তো হিমাদ্রির প্রেম’ নাটকের কাজ শেষ করেছেন। এখানে তিনি একজন আলোকচিত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এ নিয়ে অন্তত ৩০টি নাটকে আলোকচিত্রীর চরিত্রে অভিনয় করলেন তিনি। একের পর এক আলোকচিত্রীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি বাস্তবেও ফটোগ্রাফির প্রেমে পড়ে গেছেন। শিগগির ফটোগ্রাফির ওপরে একটা কোর্স করার পরিকল্পনা করছেন কল্যাণ।
শুরুতে ফটোগ্রাফির প্রতি খুব একটা ঝোঁক ছিল না কল্যাণের। কিন্তু এখন সুযোগ পেলেই নিজের ক্যামেরা এবং মুঠোফোন দিয়ে পছন্দমতো অনেক ছবি তোলেন। তাঁর তোলা ছবি মাঝে মাঝে নাটকেও ব্যবহার করা হয়।

আলোকচিত্রীর চরিত্রে এত বেশি অভিনয় করার কারণ জানতে চাইলে কল্যাণ বলেন, ‘আমি এখন পর্যন্ত অন্তত ৩০টি নাটকে আলোকচিত্রীর চরিত্রে অভিনয় করেছি। পরিচালকেরা আমাকে এই চরিত্রে কেন বেশি পছন্দ করেন, এর কারণ আমি নিজেও জানি না। আলোকচিত্রীরা সাধারণত একটু ভাবুক এবং এলোমেলো ধরনের হয়। ব্যক্তিগত জীবনে আমিও কিছুটা এরকম। তাই হয়তো সহজেই আমি এ ধরনের চরিত্রে মানিয়ে যেতে পারি।’
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘ফিরে ফিরে আসি’ ধারাবাহিক নাটকে আলোকচিত্রীর চরিত্রে প্রথম অভিনয় করেন কল্যাণ। এরপর ‘পথ ভুলে দেখা’, ‘জীবন এবং কিছু স্বপ্ন’সহ অন্তত ৩০টি নাটকে একই ধরনের চরিত্রে অভিনয় করেন তিনি।
কল্যাণ অভিনীত প্রথম ছবি ‘পিতা’ মুক্তি পায় ২০১২ সালে। এবারের পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দ্বিতীয় ছবি ‘জোনাকির আলো’। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ছবিটিতেও তিনি একজন আলোকচিত্রীর চরিত্রে অভিনয় করেছেন।