চরিত্রটি অন্য রকম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজি ছবির শুটিংয়ে পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে আলিয়া ভাট
রাজি ছবির শুটিংয়ে পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে আলিয়া ভাট

প্রত্যেক অভিনয়শিল্পীই নিজের কাজ নিয়ে কমবেশি বলে থাকেন, ‘এবারের কাজটি অন্য রকম!’ এর আগে আলিয়া ভাটও এ কথাটি বলেছিলেন তাঁর হাইওয়ে আর উড়তা পাঞ্জাব ছবি নিয়ে। এবারও বললেন একই কথা। ছবির নাম রাজি। ছবিতে তাঁর চরিত্রটি অন্য রকম! কিন্তু এই চরিত্রটি কী এমন অন্য রকম যে আলিয়া এত জোর দিয়ে বললেন চরিত্রটি নিয়ে?

সে উত্তর জানতে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে, আলিয়ার ক্যারিয়ারে যা একেবারেই নতুন। এর সঙ্গে যোগ করা যায় আরেকটি দিক। ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার, তালওয়ার ছবি দিয়ে যিনি জাত চিনিয়েছেন অনেক আগেই। সেই তালওয়ারও ছিল সত্য ঘটনা অবলম্বনে।

মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে রাজি ছবিটি নিয়ে আলিয়া ভাট বললেন, ‘প্রথমবারের মতো সত্য ঘটনা অবলম্বনে পিরিয়ড ফিল্ম করছি। আমি খুবই রোমাঞ্চিত। আশা করি দর্শকও পছন্দ করবে। এই চরিত্রটি হবে আমার অভিনয় করা আগের সব চরিত্র থেকে আলাদা।’

ছবির গল্প সেহমত নামের এক কাশ্মীরি নারীকে নিয়ে, যিনি পাকিস্তানি এক সেনা কর্মকর্তাকে বিয়ে করেন। কলিং সেহমত নামের উপন্যাসটি লিখেছেন হরিন্দর সিক্কা। আলিয়াকে দেখা যাবে সেহমতের চরিত্রে। ভিকি কুশল পাকিস্তানি সেনা কর্মকর্তার ভূমিকায় দেখা দেবেন। ছবিটি প্রযোজনা করেছেন বিনীত জৈন ও করণ জোহর। মুক্তি পাবে আগামী বছরের ১১ মে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া