চর্যাগীতি-নৃত্য নিয়ে চমৎকার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে প্রায় হাজার বছর আগে বাংলাদেশের পাহাড়পুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বৌদ্ধধর্মীয় চর্যাগীতি-নৃত্যের প্রচলন ছিল। কালের বিবর্তনে চর্যার গীতি-নৃত্যরীতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তার প্রচলন রয়ে গেছে নেপালে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে ১৯০৭ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত হয়েছিল প্রাচীন বাংলা ভাষায় রচিত চর্যাগীতির পুঁথি।নেপালে প্রচলিত চর্যাগীতি-নৃত্যের সঙ্গে বাংলাদেশের লেখক-গবেষকদের পরিচয় করিয়ে দিতে সম্প্রতি বাংলা একাডেমী ও উপমহাদেশীয় সংগীত প্রসারকেন্দ্র ‘সাধনা’ যৌথভাবে একটি সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও নেপালে বৌদ্ধ সংস্কৃতির চর্যাপদ আদরণীয় হওয়ার কী কারণ থাকতে পারে, তা অনুসন্ধানের বিষয়। পার্শ্ববর্তী বিহার, ওডিশা, অহমিয়া, হিন্দি, সৌরসেনি—এসব ভাষাভাষী মানুষও চর্যাপদকে নিজের প্রাচীন সম্পদ বলে দাবি করে। সুতরাং সাংস্কৃতিক উৎস সন্ধানের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য গভীর গবেষণার প্রয়োজন রয়েছে।অনুষ্ঠানে বিশেষ আলোচনা পর্বে ‘নেপালে চর্যাগীতির ঐতিহ্য’ বিষয়ে আলোচনা করেন সর্বজ্ঞ বজ্রাচার্য্য। তিনি বলেন, নেপালে চর্যাগীতি আধ্যাত্মিক সংগীত হিসেবে ব্যাপক জনপ্রিয়। বৌদ্ধধর্মে নানা তন্ত্রের মধ্যে চর্যাগীতি ‘যোগতন্ত্র’রূপে স্বীকৃত। এরূপ বজ্রযান সংগীতের মাধ্যমে শরীরের পঞ্চতন্ত্রের মহাসুখ লাভ করা সম্ভব।চর্যাপদের পরিবেশনা রীতি নিয়ে আলোচনা করতে গিয়ে অধ্যাপক আফসার আহমদ বলেন, এটা মীমাংসিত সত্য যে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এর পরিবেশনা ও গীতবৈশিষ্ট্যের মধ্যে বাঙালির ছাপ বিদ্যমান। লেবেদেফ দিয়েই বাংলা নাটকের সূচনা হয়নি, বাংলা নাটক তার আগেও ছিল। এর পরিচয় চর্যাপদে মেলে। বাংলা নাটকের সংলাপ, সংগীত ও নৃত্যের যে ত্রয়ী বন্ধন, তা বৌদ্ধ নাটকেরই ধারাবাহিকতা।চর্যানৃত্য সম্পর্কে আলোচনায় লুবনা মারিয়াম বলেন, ‘চর্যাপদ যখন গীত হয়, তখন সংগীত নয়, সেটা তান্ত্রিকতার বিষয়। আর সেই তান্ত্রিকতাকে প্রকাশের জন্যই বৌদ্ধ বজ্রযানীরা নৃত্যকে আশ্রয় করে থাকেন। আসলে এই সাধন-নৃত্যের মধ্য দিয়ে একজন শিল্পী তাঁর জ্ঞানের ক্ষেত্রকেও সমৃদ্ধ করতে পারেন। বাংলা একাডেমী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী চর্যাপদ নিয়ে নতুন গবেষণার কাজ শুরু করবে, এই প্রত্যাশা করি।’চর্যাগীতির সংগীতরীতি সম্পর্কে আলোচনায় সাইম রানা বলেন, চর্যা মার্গসংগীত নয়, বরং দেশি গান। দেশি গানের বৈশিষ্ট্য হলো, তা ক্রিয়াত্মক-প্রধান। এই গান সর্বসাধারণের জন্য গীত। তবে সাধারণ লোকসংগীতের মতো চর্যা দেশি গান নয়, তান্ত্রিক ও সাধনমার্গের সহায়ক হিসেবে চর্যাগীতি গাওয়া হতো। তিনি আরও বলেন, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগীত, নৃত্য ও পরিবেশনার ইতিহাস নতুন করে শুরু হতে পারে, যদি যথার্থ মর্মে ভবিষ্যতে গবেষণার সুযোগ আসে।সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সপ্তম শতাব্দীতে আসাম থেকে বিহার পর্যন্ত তন্ত্রের প্রভাব ছিল। এই তন্ত্র সহযানী সাধনারূপে সুর সহযোগে গীত হতো। সংস্কৃতি সব সময়ই পরিবর্তনশীল এবং এতে অন্যান্য সংস্কৃতির নানা উপকরণ স্বাভাবিকভাবেই সংযোজিত হয়। চর্যাগীতের মধ্যে বহুমাত্রিক শিল্পের সমন্বয় ঘটেছে। এ বিষয়টিও আমাদের স্বীকার করে নিতে হবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে নেপাল থেকে আগত ইনস্টিটিউট অব নেপালিস পারফর্মিং আর্টস ‘কলামণ্ডপ’-এর শিল্পীরা রাজেন্দ্র শ্রেষ্ঠর পরিচালনায় চর্যানৃত্য পরিবেশন করেন। এতে অংশ নেন দিনেশ ছেত্রী, মচ্ছরাজা মহার্জন, রূপকমল ছেত্রী, মীনা বজ্রাচার্য্য গমাল, দৃষ্ঠি শ্রেষ্ঠ প্রমুখ।