চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাচালক বন্ধুর মৃত্যুর পর সেই রিকশাই চালানো শুরু করল সে। যা আয় করে, তা তুলে দেয় মৃত বন্ধুর কিশোরী বউয়ের হাতে। রোজ এভাবে যাওয়া-আসায় বন্ধুর বৌয়ের সঙ্গে সখ্য গড়ে ওঠে ছেলেটির।
একদিন গভীর রাতে রিকশা চালানোর সময় গ্রামের পাহারাদার পুলিশ তার রিকশায় একটি লাশ ওঠাতে বাধ্য করে। গভীর রাতে নিশ্চুপ গ্রামে লাশ নিয়ে যেতে যেতে অনেক ভাবনা মাথায় আসে তার। সে ভাবে, এই লাশ তার ভালো লাগার মানুষের না তো! সে ভয়ে ভয়ে রিকশা চালায়৷ একসময় অসহায় হয়ে রিকশা ফেলে পালিয়ে যায় এ অনভিজ্ঞ রিকশা চালক৷ মূলত ওই পুলিশ ও তার সহযোগীরা রিকশা চোরের একটি চক্র। তারা রিকশা চুরি করে। এ ভাবে ৩৩ টি রিকশা চুরি করেছে তারা৷
গতকাল সোমবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শওকত ওসমান মিলনায়তনে ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও উম্মুক্ত চলচ্চিত্র উৎসব ২০১৪ তে প্রদর্শিত হয় এই স্বল্পদৈঘ্য চলচ্চিত্র তামস।
ছবিটি শুরু হয় রাত আটটায়। ৪০ মিনিটের এ চলচ্চিত্রের শুরুতে মঞ্চে দর্শকদের উদ্দেশে পরিচালক এষা ইউসুফ বলেন, আশা করছি আপনাদের আমার ছবিটি ভালো লাগবে।
সিনেমা দেখতে এসেছিলেন রফিক উদ্দিন ও তাঁর মেয়ে রাফিয়া আক্তার। তাঁরা বললেন, বুদ্ধিদীপ্ত সিনেমা। এখানে সুন্দর পরিবেশনায় সমসাময়িক সময়ের একটি বাস্তব গল্প উঠে এসেছে।
সোমবার গণগ্রন্থাগার মিলনায়তনে সকাল থেকে সালমা, দ্য পার্সন, ইউ আর কলিং, ধূসার টুডাং, ওয়ান নাইট, দ্য লাস্ট ভয়েজ, আউট ল, সেভেন হানড্রেড মাইলস অব স্লিপ ওয়াকিং, ওনলি দ্য লোনলি, দ্য বাস রাইড, সাহমে ম্যান, দ্য লিটল কসটিউ ছবিগুলো দেখানো হয়। প্রতিদিনই মূল তিনটি মিলনায়তসহ আরও তিনটি মিলনায়তনে ছবি দেখানো হচ্ছে। উৎসব চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।