চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান অবলম্বনে নির্মিত চলচ্চিত্র গেরিলা। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই চলচ্চিত্রটি প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনের চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের স্লোগান ‘সাফল্য স্বপ্ন সম্ভাবনার চলচ্চিত্র উৎসব’।
তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে উদ্যোগে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব মরতুজা আহমেদ ও চিত্রনায়ক রাজ্জাক। সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার।
উদ্বোধনী চলচ্চিত্র গেরিলা ছাড়াও গতকাল দেখানো হয় বন্দে মায়া লাগাইছে ও একটি ফুলকে বাঁচাব বলে।
উৎসবে প্রতিদিন তিনটি করে মোট নয়টি চলচ্চিত্র দেখানো হচ্ছে। আজ উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার একই স্থানে দেখানো হবে আমার বন্ধু রাশেদ, সেই রাতের কথা বলতে এসেছি ও সর্বনাশা জঙ্গিবাদ।
একই সঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে এ উৎসব। প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক জানান, জেলার শহীদ সাটু হলে চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। পঞ্চগড় প্রতিনিধি জানান, বিকেলে চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, গতকাল সোমবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওরা ১১ জন এবং মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ দেখানো হয় উৎসবে।