
শাহান আরা বেগম কর্কট (ক্যানসার) রোগে আক্রান্ত। সুস্থ হতে দরকার প্রচুর অর্থ। তিনি একজন চলচ্চিত্রকর্মীর মা। এই মায়ের পাশে দাঁড়ানোর আহ্বানে সমবেত হয়েছেন তাঁর সন্তানের বন্ধু ও সহকর্মীরা। মায়ের চিকিৎসার সাহায্যার্থে দুই বাংলার নির্মাতাদের তৈরি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে ‘দুই বাংলার চলচ্চিত্র উৎসব, মায়ের জন্য’। গতকাল রোববার শুরু হয়েছে এ উৎসব। শেষ হবে আগামীকাল মঙ্গলবার।
গতকাল জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে তিন দিনের এ উৎসব উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, ভারতের চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখ৷
উদ্বোধনকালে হাসানুল হক ইনু মায়ের চিকিৎসার জন্য দুই বাংলার চলচ্চিত্রকারদের সম্মিলিত আয়োজনে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান।
রোগাক্রান্ত মায়ের ছেলে শাহ ফজলে রাব্বি বলেন, ‘আমার মা ক্যানসারে আক্রান্ত হয়ে নয়াদিল্লির রাজীব গান্ধী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি তাঁর একমাত্র সন্তান এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি৷ এ পর্যন্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। পুরো চিকিৎসা সম্পন্ন করতে আরও ২০ লাখ টাকা প্রয়োজন। আমার পরিবারের সে সামর্থ্য নেই।’ চলচ্চিত্র নির্মাতা ও সহায়ক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাব্বি বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার মা সুস্থ হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস।’
দুই বাংলার এই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত নয়টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। গতকাল প্রথমে প্রদর্শিত হয় মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত ছবি টেলিভিশন। এরপর বেলা তিনটায় দেখানো হয় মোরশেদুল ইসলাম নির্মিত আমার বন্ধু রাশেদ। সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হয় গৌতম ঘোষের শূন্য অংক। উৎসবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা, বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। দর্শকেরা ১০০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ টাকা দর্শনীর বিনিময়ে ছবি দেখতে পারবেন।
আজ সোমবার উৎসবের দ্বিতীয় দিন। সকালে প্রদর্শিত হবে বুদ্ধদেব দাশগুপ্ত নির্মিত চলচ্চিত্র লাল দরজা। বেলা তিনটায় দেখানো হবে ভারতীয় নির্মাতা মৃত্যুঞ্জয় দেভরাত পরিচালিত চলচ্চিত্র যুদ্ধ শিশু।