চলচ্চিত্র উৎসবে ‘শহীদ মিনার’
শহীদ মিনারের বেদিতে কেউ জুতা পায়ে হাঁটছে। কেউ বা পোস্টার বা পত্রিকায় ছাপা হওয়া শহীদ মিনারের আলোকচিত্রে পা মাড়িয়ে পথ চলছে। এমনি কিছু টুকরো চিত্র নিয়ে তিন মিনিট ১১ সেকেন্ডের চলচ্চিত্র শহীদ মিনার। শহীদ মিনারের প্রতি আমাদের সম্মানবোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল মোহাম্মদ। গতকাল সোমবার পঞ্চম আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে শহীদ মিনারসহ ২০টির মতো চলচ্চিত্র প্রদর্শিত হয়।গত রোববার বিকেলে ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে এ উৎসব শুরু হয়েছে। এতে ২৩টি দেশের ৯৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বেলা ১১টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া ১৯ মে পর্যন্ত প্রতিদিন জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বেলা তিনটা থেকে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও উৎসবে ‘ট্যালেন্ট ক্যাম্পাস’ শীর্ষক দুই দিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।উৎসবের প্রতিটি প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।