
‘স্যার, আমাকে দেখা যাচ্ছে তো?’ ষষ্ঠ শ্রেণির রিহান হোসেনের গলা শোনা যায়। শিক্ষকের সঙ্গে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ছবি দেখতে এসেছে সে ও তার ক্লাসের বন্ধুরা। শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন থেকে ছবি দেখে ফিরে যাওয়ার আগে ওদের নিয়ে সেলফি তুলছিলেন রায়হান স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক গিয়াস উদ্দিন। তিনি বিশ্বাস করেন, এই দিনে দেখা ক্যাপটেন ফিশ কিংবা ডোন্ট লিভ মি কিংবা দ্য ডাম্ব বার্ড সিনেমাগুলোর কথা এই শিশুরা সারা জীবন মনে রাখবে।
গতকাল বৃহস্পতিবার ছিল চিলড্রেন ফিল্ম সোসাইটি আয়োজিত নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিন। উৎসবে ঢাকার পাঁচটি মিলনায়তনের মধ্যে সব থেকে বেশি ভিড় লক্ষ করা গেছে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। বিভিন্ন স্কুল-কলেজের শিশু-কিশোরদের পাশাপাশি বড়রাও এই উৎসবে যোগ দিয়ে পছন্দের ছবিগুলো দেখেছেন। এ ছাড়া ফিল্ম সোসাইটির সঙ্গে কাজ করার জন্য অনেক শিশু-কিশোর নিজেদের নামও নিবন্ধন করিয়েছে। মামার সঙ্গে বিকেল চারটার প্রদর্শনী দেখতে এসেছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদৃতা, অহনা ও জয়িতা। কোন ছবি দেখবে জানতে চাইলে তালিকার দিকে তাকিয়ে ওরা বলে, ‘অনেক ছোট ছোট ছবি। কোনটা রেখে কোনটার নাম বলি! তবে মামা বলে দিয়েছে দ্য মিরর আর স্লিপ ছবি দুটো বেশি মনোযোগ দিয়ে দেখতে।’
উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ জানান, প্রতিবারের মতো এবারও এই উৎসবে যুক্ত হয়েছে নতুন কিছু দর্শক ও কর্মী। নির্মাতা হতে ইচ্ছুক এমন অনেকেই নাম নিবন্ধন করিয়েছে এবং কর্মশালায় অংশ নিয়েছে।
আজ শুক্রবার উৎসবের শেষ দিন। এই দিনে শুধু পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে দেখানো হবে তিনটি ছবি। এর মধ্যে বেলা ১১টায় দেখানো হবে স্পেনের ১৬ মিনিটের ছবি ক্যাটালিনা অ্যান্ড দ্য সান এবং জার্মানির ৮৮ মিনিটের ছবি রিক থ্রিস আ ক্র্যাউড ও বেলা দুইটায় দেখানো হবে ৯৫ মিনিটের ছবি শানা দ্য উলফস মিউজিক। এ ছাড়া আজ থাকছে আন্তর্জাতিক এ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকেল পাঁচটায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনেই শিশু চলচ্চিত্র উৎসবের বিভিন্ন শাখায় পুরস্কারপ্রাপ্ত ছবিগুলোর নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।