চলচ্চিত্র কর্মীদের পাশে সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড এবং বলিউড অভিনেতাদের অনেকেই বিভিন্ন স্বেচ্ছসেবী সংগঠনে যুক্ত হয়ে নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন। সমাজের নানা উন্নয়ন, এমনকি সুবিধাবঞ্চিত লোকজনের উপকারের জন্য নানা কাজে তাঁরা সম্পৃক্ত থাকেন। পাশাপাশি সবার পাশে থাকতে পেরে তাঁরা সামাজিক দায়বদ্ধতায়ও থাকেন । বলিউড অভিনেতা সালমান খান এমনই এক অভিনয়শিল্পী। আগে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকলেও এখন তিনি চলচ্চিত্রের কর্মীদের সঙ্গেও নিজেকে জড়িয়েছেন। সালমানের এ নতুন উদ্যোগ হচ্ছে চলচ্চিত্রকর্মীদের জন্য কিছু একটা করার তাড়না। সেটা তিনি এরই মধ্যে ঘোষণাও দিয়েছেন।সালমানের সাম্প্রতিক সময়ের ছবি ‘রেডি’র প্রচারণার কাজ নিয়ে তিনি এখন বেশ ব্যস্ত। প্রচারণার ফাঁকে সালমান তাঁর নতুন এক ইচ্ছের কথা উপস্থিত সবাইকে জানান। তিনি বলেন, ‘আমি আসলে এখন আর টাকার জন্য অভিনয় করি না। এমনকি অভিনয় করে আমি যদি কোনো সম্মানীও না পাই তাতেও আমার কোনো আপত্তি নেই। তবে আমি আমার কাজের সম্মানীর কিছু অংশ চলচ্চিত্র কর্মীদের সাহায্যে ব্যয় করতে চাই। এমনকি সেটা আমার মোট সম্মানীর অর্ধেকও হতে পারে।’ তিনি আরও বলেন, আমি মনে করি এভাবে যদি চলচ্চিত্রশিল্পের সবাই এগিয়ে আসেন তাহলে বড় ধরনের একটা তহবিল গঠিত হবে। এ অর্থ দিয়ে চলচ্চিত্র কর্মী যাঁরা আছেন তাঁদেরকে সঠিকভাবে পুনর্বাসন করা সম্ভব হবে। ৪৫ বছর বয়সী এই বলিউড অভিনেতা চলচ্চিত্র কর্মীদের সহায়তার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগও করেছেন। এবং সংগৃহীত অর্থ চলচ্চিত্র কর্মীদের ওই সংগঠনের মাধ্যমে চলচ্চিত্র কর্মীদের মাঝেমধ্যে বণ্টন করে দেওয়ার কথা বলেন।চলচ্চিত্র কর্মীদের দুঃখের কথা উল্লেখ করে সালমান বলেন, ‘চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মীরা সব সময় পরিশ্রম করে থাকেন। তাঁদের কঠোর পরিশ্রমেই একটা ভালো ছবি নির্মাণ সম্ভব হয়। এ ছাড়া আরও বিভিন্নভাবে এসব চলচ্চিত্র কর্মী আমাদের সহযোগিতা করে থাকেন। অথচ তাঁদেরকেই মানবেতর জীবনযাপন করতে হয়। তাই আমার মনে হয়েছে এঁদের পাশে দাঁড়ানো উচিত।’সালমানের বিইং হিউম্যান নামের একটি এনজিও রয়েছে। এনজিওটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিকতা করে থাকে।