চলচ্চিত্র ছেড়েছি অভিমানে: রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াজ। বাংলা চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ততম নায়ক। এখন পুরোপুরি সরে এসেছেন চলচ্চিত্র থেকে। ব্যস্ত হয়ে পড়েছেন একটি আবাসন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান পরিচলন কর্মকর্তা হিসেবে। আগামী ২২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে রিয়াজ অভিনীত ছবি শিরি-ফরহাদ। ছবিসহ অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের।রিয়াজ, অভিনয়কে কি পুরোপুরি গুডবাই জানিয়ে দিলেন?সেরকমই বলতে পারেন। তবে খুব বেশি অনুরোধ না হলে অভিনয় একেবারেই করা হচ্ছে না। তাও আবার ছোট পর্দায় এবং হাতেগোনা দু-একটা।কিন্তু আপনি তো বড় পর্দার অভিনয়শিল্পী ..সত্যি কথা বলতে কী আমি এখন আর বড় পর্দার কাজের প্রতি আগ্রহী নই। আগ্রহী নন কেন?আমি ১৫-১৬ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেছি। আমি মনে করি একজন অভিনয়শিল্পী ১৫-১৬ বছর অভিনয় করার পর তাঁর মধ্যে একটি পরিপক্বতা আসে। এরপর সেই অভিনয়শিল্পীকে তাঁর পরিপক্বতার বিষয়টি মাথায় রেখে সেভাবেই কাজে এগোতে হয়। কিন্তু আমি তা দেখিনি। এখনও কিন্তু আমাদের চলচ্চিত্রে ম্যাচিউরড গল্প, ডিরেক্টর এবং প্রোডিউসারের অভাব রয়েছে। এ বিষয়গুলো আমাকে বেশ ভাবিয়েছে। তাই বাধ্য হয়ে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে এনেছি।এসবই প্রধান কারণ?না। চলচ্চিত্রের প্রতি আমার প্রচণ্ড অভিমানও আছে। আমার এই অভিমানের ব্যাপারটি চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কখনো বুঝতে চাননি। আর তাই চলচ্চিত্র ছাড়ার পিছনে অভিমানও একটা বড় কারণ ছিল। কিন্তু চলচ্চিত্র তো আপনাকে অনেক কিছুই দিয়েছে, নাকি?আমার আজকের যে পরিচিতি তা অবশ্যই চলচ্চিত্রেরই কারণে। চলচ্চিত্র আমাকে যা দিয়েছে তা কখনোই ভুলতে পারব না। চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্তটা আমার জন্য অনেক কষ্টকরও ছিল। তারপরও বাধ্য হয়েছি।এখন আপনি একটি আবাসন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। চলচ্চিত্রের কর্মব্যস্ত সেই দিনগুলো মিস করেন না?প্রাতিষ্ঠানিক কাজ নিয়ে সারাক্ষণই আমাকে ব্যস্ত থাকতে হয়। অবসর মেলে খুব কম সময়ের জন্য। যে সময়টুকু পাই তা পরিবারকে দিতে হয়। সত্যি কথা বলতে চলচ্চিত্রকে মিস করার জন্য যে সময়টার দরকার হয় সে সময়টারই দেখা পাই না।তার মানে চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেওয়ার পর ভাবনা থেকেও তা চলে গেছে? যে চলচ্চিত্র আপনাকে এত কিছু দিয়েছে তার প্রতি আপনার দায়বদ্ধতা কি? আপনি নিজে চলচ্চিত্রের জন্য কি কিছুই ভাববেন না?আমি যখন যেটাই করি সেটা সঠিকভাবে করার চেষ্টা করি। আমার পুরো মনোযোগ এখন প্রাতিষ্ঠানিক কাজে। চলচ্চিত্রের কর্মব্যস্ত দিনগুলো মিস না করলেও মাঝে মাঝে চলচ্চিত্রকে নিয়ে ভাবনা হয়। আমি নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে সেভাবে তৈরিও করছি। চলচ্চিত্রের জন্য কিছু করার তাগিদ আমার ও আমার প্রতিষ্ঠানের অবশ্যই আছে। তবে সেরকম ভালো গল্প এবং মেধাবী নির্মাতার দেখা পেলে আমরা ছবি নির্মাণের কাজটি করার কথাও ভাবছি।সামনে আপনার একটি ছবি মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে আপনি কতটা আশাবাদী?শিরি-ফরহাদ ছবিটির কাজ শুরু করেছিলাম ২০০৬ সালে। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এটি আমারও শাবনূরের এখন পর্যন্ত শেষ ছবি। ছবির পুরো টিমটাই ছিল চমত্কার। আর এ কারণে ছবিটিও বেশ ভালো হয়েছে। আমি নিজেও ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী। আমার বিশ্বাস ছবিটি সুপার-ডুপার হিট হবে। বাংলা ছবির দর্শকরা অনেকদিন ধরে যে প্রেমের ছবির খরায় ভুগছিল, শিরি-ফরহাদের মাধ্যমে সেই খরা কাটিয়ে ওঠা সম্ভব হবে।