চলচ্চিত্র নিয়ে আসাদের আশা-হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইসুল ইসলাম আসাদ
রাইসুল ইসলাম আসাদ

‘আবার তোরা মানুষ হ’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘লালসালু’, ‘মনের মানুষ’। এ রকম বহু বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। চলচ্চিত্র ছাড়াও অভিনয় করেছেন টিভি নাটকে। এখনো সমানতালে তাকে দেখা যায় নাটক ও চলচ্চিত্রে। কিন্তু গুণী এই অভিনেতা এখন চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা নিয়ে হতাশ।

বললেন, ‘একসময় এ দেশে ১৪০০ সিনেমা হল ছিল। এখন সেটা সম্ভবত তিন শর ঘরে এসে পৌঁছেছে। হল যদি না থাকে সিনেমা বানাবে কেন পরিচালকরা? আমাদের দর্শকেরা এখন ভাবেন সিনেমা টিভিতে দেখার জিনিস। কারণ দর্শকদের আজকাল সেভাবেই সিনেমা দেখানো হয়। তো দর্শক কেন যাবে সিনেমা হলে?’

তবে আসাদ মনে করেন এটা দর্শকের দোষ নয়। তিনি বলেন, ‘এটা আমাদেরই ভুল। যত ভালো চলচ্চিত্রই নির্মাণ হোক না কেন, যত টাকাই খরচ হোক না কেন, সেটা কি দিন শেষে উঠে আসবে। কয়টা হলে চলবে সিনেমা? আর উঠে না আসলে কেন টাকা খরচ করে সিনেমা বানাবেন প্রযোজকেরা?’

সিনেমা হল বৃদ্ধির জন্য একটা পরামর্শ দিলেন তিনি। বললেন, ‘এখন জেলা বা উপজেলা শহরে শপিং সেন্টার তৈরি হচ্ছে সেগুলোতে যদি বাধ্যতামূলকভাবে অন্তত একটা সিনেমা হল নির্মাণের ব্যবস্থা করা হয়। তাহলে হয়তো অবস্থার উন্নতি হতে পারে।’

নিজের অভিনয় প্রসঙ্গে আসাদ বললেন, ‘অভিনয় করতে ভালো লাগে। এ জন্যই করা। চাইলেও ছাড়তে পারব না।’