চলচ্চিত্র নিয়ে কথা বলবেন আকরাম খান

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র নিয়ে কথা বলবেন নির্মাতা আকরাম খান। এ ছাড়া দেখানো হবে বছরব্যাপী চলচ্চিত্র উৎসবের ফেব্রুয়ারি মাসের চলচ্চিত্র।
পঞ্চমবারের মতো সিনেমা ফাইভ আলাপে ‘দায়বদ্ধ চলচ্চিত্র সৃষ্টির পথ: বাজারের সঙ্গে সংঘর্ষ ও লড়াই’ নিয়ে মুক্ত আলোচনা করবেন এই ‘ঘাসফুল’ নির্মাতা। ‘সিনেমা ফাইভ আলাপ’ হলো চলচ্চিত্র ও সংস্কৃতি-বিষয়ক মতবিনিময়মূলক বক্তৃতা আয়োজন। এ ছাড়া দেখানো হবে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’-এ ফেব্রুয়ারি মাসের নির্বাচিত চলচ্চিত্রগুলো। বিকেল চারটায় দেখানো হবে অদ্রি হৃদয়েশের প্রামাণ্যচিত্র ‘সুরের নৈরাঞ্জনা তীরে’, সুপিন বর্মণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্টমাস্টার’, দীপা মাহবুবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’ এবং আলিফ ইসলামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্রিকশন’। সন্ধ্যা সাতটায় দেখানো হবে লতা আহমেদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোহাগীর গয়না’। চলচ্চিত্র ও আলোচনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।