চলচ্চিত্র নিয়ে পড়তে ভিনদেশে আরিক

‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা করার। এবার সেই সুযোগটা হলো। আগামী মাসেই পড়াশোনা করতে দেশ ছাড়ছি।’ বলছিলেন তরুণ অভিনেতা আরিক আনাম খান। গত শনিবার রাতে লন্ডনে পড়তে যাওয়ার ব্যাপারে এক স্ট্যাটাস দেন তিনি। এরই সূত্র ধরে কথা হয় তাঁর সঙ্গে। বলেন, ‘আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি। কিন্তু ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে লন্ডন ফিল্ম স্কুলে ভর্তি চূড়ান্ত হয়েছে। আগামী দুই বছরের জন্য সেখানে মাস্টার্সে ভর্তি হয়েছি।’
আরিক আনাম খান জানান, ভর্তির ব্যাপারে আবেদন করার পাশাপাশি এত দিনের নাটক ও চলচ্চিত্রসংক্রান্ত বিভিন্ন কাজ জমা দিতে হয়েছে। তারপর ভর্তির ব্যাপারটি চূড়ান্ত করেছে দ্য লন্ডন ফিল্ম স্কুল। আগামী ৩ জানুয়ারি লন্ডন যাচ্ছেন আরিক।
আরিক প্রায় আট বছর ধরে বাবা তারিক আনাম খানের নাটকের দল নাট্যকেন্দ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বেশ কয়েকটি প্রযোজনায় অভিনয় করেছেন। এ ছাড়া টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় করেন তিনি। পড়াশোনা শেষে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত হবেন বলেই জানান তিনি।