চলচ্চিত্র নীতিমালার খসড়া অনুমোদনের অপেক্ষায়'

‘বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’ এ স্লোগানে সারা দেশে উদ্যাপন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসি প্রাঙ্গণ সকাল থেকেই মুখর হয়ে ওঠে শিল্পী, কলাকুশলী এবং দর্শকদের পদচারণায়। বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধনের পর শোভাযাত্রায় অংশ নেন সবাই। বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনভর ছিল চলচ্চিত্র প্রদর্শনী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন করা হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছর ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে দেশব্যাপী উদ্যাপন করা হচ্ছে।
সকালে এফডিসি প্রাঙ্গণে আয়োজিত চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন।
জঙ্গিমুক্ত, সুস্থ-সুন্দর গণতন্ত্রের বাংলাদেশ গড়তে চলচ্চিত্র ‘সুদৃঢ়’ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র জড়িয়ে আছে আমাদের জীবনের সঙ্গে। চলচ্চিত্র আমাদের অতীতকে স্মরণ করতে, বর্তমানকে আনন্দময় করতে এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে শেখায়।’
এ দিনেই জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়া মন্ত্রী পরিষদে অনুমোদনের জন্য উত্থাপিত হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান তথ্যমন্ত্রী। চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তথ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ কে এম রহমত উল্লাহ, জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন কমিটির সভাপতি নায়ক রাজ্জাক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, অভিনেত্রী অঞ্জনা রহমান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান।
চলচ্চিত্র দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আজ দেখানো হয় তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ‘নরসুন্দর’, মকবুল চৌধুরী পরিচালিত ‘রক্তজবা’ এন. এস. বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রতন’, সন্দীপ বিশ্বাস পরিচালিত ‘জাদুর সাঁকো’, সাদাত হোসাইন পরিচালিত ‘দি সুজ’, মামুন শ্রাবণ পরিচালিত ‘মাটির পাখি’ রহমান লেনিন পরিচালিত ‘মন ফড়িং,’ এবং আবিদ মল্লিক পরিচালিত ‘পথ’ চলচ্চিত্র।
বিকেল ছিল প্রীতি সম্মিলনী ও সেমিনার। জাতীয় নাট্যশালায় প্রাবন্ধিক সাজেদুল আউয়ালের উপস্থাপনায় ‘যেভাবে ৩রা এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ হলো বিষয়ে আলোচনা হয়।