চলচ্চিত্র পরিচালক তানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানিয়া আহমেদ
তানিয়া আহমেদ

অভিনয়শিল্পী, নাট্যপরিচালক, কোরিওগ্রাফার, মডেল, উপস্থাপক তানিয়া আহমেদ এবার চলচ্চিত্র পরিচালনা করবেন। ছবির নাম গুডমর্নিং লন্ডন । প্রায় পুরো ছবির কাজ হবে লন্ডনে। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং চিত্রগ্রহণ করবেন রায়হান খান। গানের সুর ও সংগীত পরিচালনা করবেন এস আই টুটুল। ছবিতে অভিনয় করবেন মিম, আসিফ, মিশু সাব্বির, তারিক আনাম খান প্রমুখ। আরও থাকবেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ও চ্যানেল আই আয়োজিত ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সাজ্জাদ। এরই মধ্যে শিল্পীদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।
গুডমর্নিং লন্ডন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান বলেন, ‘একসময় তানিয়ার হাত ধরে অসংখ্য ছেলেমেয়ে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। কোরিওগ্রাফার হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। অভিনয়শিল্পী ও মডেল হিসেবে তানিয়া জনপ্রিয়। ভালো উপস্থাপক। তিনি নাটক পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। যথেষ্ট অভিজ্ঞ। এসব কারণেই আমরা তানিয়াকে দিয়ে আমাদের পরবর্তী ছবি পরিচালনার দায়িত্ব দিয়েছি।’
তানিয়া আহমেদ ইমপ্রেস টেলিফিল্মকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে। ইমপ্রেস সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পাশে এসে দাঁড়ায়।
গুডমর্নিং লন্ডন ছবির কাজ শুরু হবে রোজার ঈদের পর পরই। লন্ডনে টানা কাজ হবে ২০ দিন।