চলচ্চিত্র পরিচালক ফেরদৌস ওয়াহিদের যাত্রা
চলচ্চিত্র পরিচালনায় এবার নাম লেখালেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তাঁর পরিচালিত ছবিটির নাম ‘কুসুমপুরের গল্প’। প্রথম ছবি পরিচালনা উপলক্ষে গতকাল শনিবার ফেরদৌস ওয়াহিদের ধানমন্ডির বাসায় এক মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুসুমপুরের গল্প ছবির মহরত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রযোজক শফি বিক্রমপুরী, নাসির উদ্দিন দিলু, দবির উদ্দিন ভূঁইয়া, চিত্রনায়িকা কুমকুম ও রোকসানা ওয়াহিদ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার সঙ্গে ছবিটির নতুন নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তারপর তাঁরা সবার সামনে ‘ওরে আমার বাঁশিওয়ালা, ধইরো না গো সুর/তুমি আমার মনের রাজা, জানে কুসুমপুর’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন।ছবি পরিচালনা সম্পর্কে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আসলে আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল, একটি রুচিশীল ও বাণিজ্যিক ছবি বানানোর। তবে সেটা অবশ্যই অন্য সিনেমাগুলো থেকে ব্যতিক্রম হবে। খুব শিগগির ছবির শুটিংয়ের কাজ শুরু করব আমি। সবাই আমার জন্য দোয়া করবেন, ছবিটি যাতে ভালোভাবে শেষ করতে পারি।’হিন্দু সম্প্রদায়ের গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। ছবির অভিনয়শিল্পী সম্পর্কে ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, ‘একজোড়া মুখ উপহার দিতে যাচ্ছি এ ছবিটির মাধ্যমে। আশা করছি, সবাই ভালোভাবেই তাদের গ্রহণ করবেন।’ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ইউসুফ আল মামুন।