বাপ্পারাজ চলচ্চিত্রে এসেছিলেন বাবা রাজ্জাকের হাত ধরে। সময়টা ছিল ১৯৮৬ সাল। ছবির নাম চাঁপাডাঙ্গার বউ। পরিচালক ছিলেন রাজ্জাক। বাপ্পারাজ ওই ছবিতে প্রথম অভিনয় করেন। এবার বাপ্পারাজ চলচ্চিত্র পরিচালনা করবেন। ছবির নাম বেঈমান। এবারও বাবা আছেন তাঁর পাশে। হ্যাঁ, ছবিটির সার্বিক তত্ত্বাবধান করবেন রাজ্জাক।
ছেলে পরিচালনা করবে। রাজ্জাক কিন্তু দারুণ খুশি। বললেন, ‘ওর জন্য আমার শুভকামনা রইল।’
বাপ্পারাজ বলেন, ‘ছবি পরিচালনার ইচ্ছে অনেক দিনের। তবে এত তাড়াতাড়ি করব, ভাবিনি। সিদ্ধান্তটা হুট করেই নিয়েছি। এখন চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। শিগগির অন্য কাজও শুরু হবে।’
বেঈমান ছবির শুটিং শুরু হবে ডিসেম্বর মাসে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সম্রাট, মুক্তা, রাজ্জাক প্রমুখ।