চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন নিয়ে প্রচারণা তুঙ্গে
২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। ওই দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল—শহীদুল ইসলাম খোকন-মুসফিকুর রহমান, মহম্মদ হান্নান-এফ আই মানিক ও সাঈদুর রহমান-নূর মোহাম্মদ। এফডিসিতে এই তিন প্যানেলের সদস্যরা এখন শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত। সভাপতি পদপ্রার্থী চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান বলেন, ‘সময়ের ব্যবধানে বিশ্বের সব দেশের চলচ্চিত্রের নির্মাণশৈলী, ঘটনা বর্ণনার ধরন, আলোর ব্যবহার বদলে গেছে। সেই সঙ্গে বেড়েছে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের সংখ্যা। আমার চাই, বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের এই বদলগুলো এফডিসিকেন্দ্রিক হোক। এ লক্ষ্যে আমরা কাজ করব।’ শহীদুল ইসলাম খোকন বলেন, ‘সাধারণ দর্শকের জন্য প্রচুর চলচ্চিত্র নির্মাণ করতে সব পরিচালককে সহযোগিতা করতে চাই আমরা। এফডিসির আনাচকানাচ আবার শুটিং-ক্যামেরায় ভরে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা।’ মহম্মদ হান্নান বললেন, ‘যিনি নির্বাচিত হবেন, তাঁর সঙ্গে আমরা সবাই কাজ করব।’