চলচ্চিত্র পরিচালনা করছেন লুসি
অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী লুসি তৃপ্তি গোমেজ চলচ্চিত্র পরিচালনায় আসছেন। স্বল্পদৈর্ঘ্য এই ছবির নাম পোস্টার। ছবির গল্প তৈরি হয়েছে ১৪ বছরের একজন টোকাইয়ের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। দুলাল নামের এক টোকাই পোস্টার লাগানোর কাজ করে। কখনো সে রাজনীতিবিদের, কখনো সংগীতশিল্পীর, কখনো নায়কের, আবার কখনো বা চলচ্চিত্রের পোস্টার লাগায়। এ কাজ করতে গিয়ে সে নিজেকে পোস্টারের ওই সব মানুষের সঙ্গে কল্পনা করে। লুসি বললেন, ‘আমি শিশু অধিকার নিয়ে কিছু কাজ করেছি। এসব কাজ করতে গিয়ে শিশু অধিকারের বিভিন্ন বিষয় আমাকে ভাবায়। আমরা কাউকে স্বপ্ন দেখাতে পারছি না। যথাযথ মূল্যবোধ দিয়ে শিশুদের তৈরি করতে পারছি না। এ বিষয়গুলো পোস্টার ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।’ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। লুসি জানান, অক্টোবরে ছবিটির কাজ শুরু হবে।লুসি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘থিয়েটার ফর এডুকেশন’ বিষয়ের ওপর এমফিল করছেন। পাশাপাশি অভিনয় করছেন টিভি নাটকে।