চলচ্চিত্র পরিচালনায় মিলনপত্নী
অভিনেতা আনিসুর রহমান মিলনের পত্নী লুসি তৃপ্তি গোমেজ চলচ্চিত্র পরিচালনায় আসছেন। ‘পোস্টার’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে পরিচালক লুসির যাত্রা শুরু হচ্ছে। পোস্টার চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে ১৪ বছরের একজন টোকাইয়ের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। ছবিটিতে দেখা যাবে দুলাল নামে একজন টোকাই নিয়মিত কাজের বাইরে পোস্টার লাগানোর কাজ করে থাকে। কখনো সে রাজনীতিবিদের, কখনো গায়কের, কখনো নায়কের, আবার কখনো বা সিনেমার পোস্টার লাগায়। এগুলো করতে গিয়ে সে আবার নিজেকে পোস্টারের ওই সব মানুষের সঙ্গে নিজেকে কল্পনা করতে থাকে। এ রকমই একটি গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন লুসি তৃপ্তি গোমেজ।পোস্টার প্রসঙ্গে লুসি বলেন, ‘আমি আসলে বিভিন্ন এনজিওতে শিশু অধিকার নিয়ে বেশ কিছু কাজ করেছি। এদের সঙ্গে কাজ করতে গিয়ে শিশু অধিকারের বিভিন্ন বিষয় আমাকে ভাবাতে থাকে। মূলত এনজিওতে কাজ করতে গিয়ে শিশু অধিকার বিষয়ে কাজ করতে অনুপ্রাণিত হই।’লুসি আরও বলেন, ‘আমরা তো আসলে কাউকে স্বপ্ন দিতে পারছি না। শিশুদের গড়তে পারছি না যথাযথ মূল্যবোধে অনুপ্রাণিত করে। কিন্তু কেন? মূলত এ বিষয়গুলো পোস্টার ছবিটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।’আবদুল্লাহ মোহাম্মদ সাদের রচনায় পোস্টার ছবিটির শুটিং আগামী মাসের শেষ দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান পরিচালক। উল্লেখ্য, লুসি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থিয়েটার ফর এডুকেশনের ওপর এমফিল করছেন।