চলচ্চিত্র পাইরেসির অন্যতম সহযোগী গ্রেপ্তার
ভিডিও পাইরেসির সঙ্গে জড়িত অন্যতম ব্যক্তি নোবেলকে আটক করেছেন র্যাব-৩-এর সদস্যরা। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম খসরু, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন ও শামসুল আলম মুঠোফোনে নোবেলের সঙ্গে কথা বলে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন। নোবেল সেই ফাঁদেই পা দেন। দীর্ঘদিন ধরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নোবেলকে খুঁজে পাচ্ছিলেন না। গত শুক্রবার সন্ধ্যায় পল্টনের পলওয়েল মার্কেটের সামনে আসতে বলা হয় নোবেলকে। সেখানেই র্যাব-৩-এর সদস্যরা অবস্থান নেন। একসময় নোবেল আসেন। খসরু ও লিটন নোবেলকে জাপটে ধরতে গেলে নোবেল অস্ত্র বের করেন। ততক্ষণে র্যাবের সদস্যরা নোবেলকে আটকে ফেলেন।এমনিভাবেই নোবেলকে আটক করার দৃশ্যের কথাগুলো বর্ণনা করছিলেন খসরু ও লিটন। তাঁরা বললেন, বিপ্লবকে র্যাব আটক করার পর নোবেল ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এই নোবেলই গত ঈদের পাঁচটি চলচ্চিত্র পাইরেসি করে বাজারে ছেড়ে দিয়েছেন। এ কারণে চলচ্চিত্রশিল্পের বড় ধরনের ক্ষতি হয়েছে।চলচ্চিত্র প্রযোজক খসরু বললেন, ‘আমরা সাধারণ প্রযোজকদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভিডিও পাইরেসি নির্মূলে সরকারের সঙ্গে কাজ করে যাব। সে হিসেবেই আমরা চলচ্চিত্রকে বাঁচাতে পাইরেসির বিরুদ্ধে একধরনের যুদ্ধ ঘোষণা করেছি।’এদিকে নোবেলের গ্রেপ্তারের সংবাদ শুনে চলচ্চিত্র প্রযোজকদের মধ্যে একধরনের স্বস্তি ফিরে এসেছে। এখন বাকি রইল হাকিম। প্রযোজকদের অভিমত, হাকিম ধরা পড়লেই পাইরেসির বড় গডফাদাররা আইনের মাধ্যমে সাজা পাবেন এবং ভবিষ্যতে আর কেউ পাইরেসি করার সাহস দেখাবে না।