চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ আগস্ট চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। চলচ্চিত্র জগতের সবার মনে একটাই প্রশ্ন, কী হবে এবারের নির্বাচনে? পরিবর্তন, নাকি প্রত্যাবর্তন? দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। বর্তমান সহসভাপতি খোরশেদ আলম খসরু ও যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলমের নেতৃত্বে একটি প্যানেল তৈরি হয়েছে। অন্যদিকে সাবেক সভাপতি সোহেল রানা ও ডিপজলের নেতৃত্বে আরও একটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।দুটি প্যানেল থেকেই চলচ্চিত্রের ব্যবসার নাজুক অবস্থা থেকে উত্তরণের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।রাজ্জাক, আলমগীর ও ফারুক থেকে শুরু করে বেশির ভাগ শিল্পী ও নির্মাতা প্রকাশ্যেই সমর্থন দিয়েছেন খসরু-আলম পরিষদকে। অন্যদিকে সোহেল রানা-ডিপজল অপেক্ষাকৃত তরুণ প্রযোজকদের সমর্থন নিয়ে নির্বাচনে জয়লাভ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।খসরু-আলম প্যানেলের পক্ষে খসরু বললেন, ‘আমরা গত দুই বছরে ভিডিও পাইরেসির বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছি। সাধারণ প্রযোজকেরা এ বিষয়টি অবশ্যই বিবেচনায় নেবেন বলে আশা করছি। সেই সঙ্গে চলচ্চিত্র ব্যবসায় যে ধস নেমে এসেছিল, সেখান থেকে এই ব্যবসাকে আবারও ঊর্ধ্বমুখী করে তোলার জন্য কাজ করেছি। আমরা নির্বাচিত হলে আমাদের প্রধান কাজ হবে ভিডিও পাইরেসি সম্পূর্ণভাবে বন্ধ করা এবং কারিগরি সহায়তা যেন এফডিসিতে বৃদ্ধি পায়, এ ব্যাপারে কাজ করা।’অন্যদিকে সোহেল রানা-ডিপজল প্যানেলের পক্ষে জানানো হয়েছে, চলচ্চিত্র শিল্প নানা সমস্যায় আবর্তিত। নির্বাচিত হতে পারলে সেসব সমস্যা একে একে চিহ্নিত করা হবে এবং প্রতিটি সমস্যার সমাধান করা হবে। এফডিসিতে কাজ করতে গেলে যে প্রতিবন্ধকতা তৈরি হয়, তা দূর করা হবে। শিল্পীদের সময়মতো শুটিং সেটে আসা থেকে শুরু করে সবধরনের ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।জানা গেছে, এবারের নির্বাচনে ১৫৭ জন প্রযোজক ভোট দিয়ে তাঁদের নেতা নির্বাচন করবেন। এই নেতারাই চলচ্চিত্রের আগামী দিনে চলচ্চিত্র শিল্পের নেতৃত্ব দেবেন। এখন শুরু অপেক্ষার পালা।