চলচ্চিত্র মেলায় সোনালি দিনের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় কিছু মুখ একত্র হয়েছিল। চেনা চিরসবুজ মানুষজন আড্ডা দিলেন, কথা বললেন। সর্বোপরি উৎসবমুখর এক পরিবেশে কান্না-হাসির মধ্যে কাটিয়ে দিলেন মধুর একটি দিন। এঁরা বলছিলেন, ‘ফিরে আসুক বাংলা চলচ্চিত্রের সোনালি দিন। দূর হোক সব অসুন্দর। শিল্পের সৌরভ ছড়িয়ে পড়ুক সবখানে।’গতকাল রোববার চ্যানেল আই আয়োজিত চলচ্চিত্র মেলা রুপালি জগতের তারকা আর দর্শকদের অংশগ্রহণে আক্ষরিক অর্থেই মিলনমেলার চেহারা নিয়েছিল। এ দেশের চলচ্চিত্রের ৫৫ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই চলচ্চিত্র মেলার আয়োজন করেছিল। তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। নবাব সিরাজউদ্দৌলা সিনেমার সুবিখ্যাত আলেয়া চরিত্রসহ ঢাকার ছয় শতাধিক চলচ্চিত্রে জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয়ের জন্য এবার অভিনেত্রী আনোয়ারাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। সম্মাননার সঙ্গে শিল্পীকে দেওয়া হয় এক লাখ টাকা। অনুষ্ঠানের শুরুতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ কথা বলেন। এরপর মঞ্চের দুই পাশের পর্দায় ভেসে উঠল নন্দিত চলচ্চিত্রাভিনেত্রী আনোয়ারার মুখচ্ছবি এবং তাঁর অভিনীত সিরাজউদ্দৌলাসহ বিভিন্ন চলচ্চিত্রের অংশবিশেষ। দর্শকসারিতে বসে আনোয়ারা তখন স্মৃতিকাতর। আজীবন সম্মাননা জানানো হলো তাঁকে। স্পিকারের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করলেন তিনি। পরে বললেন, ‘এই স্বীকৃতি আমি মৃত্যু পর্যন্ত স্মরণ রাখব।’একসময় উপস্থাপক চিত্রনায়ক রিয়াজ মঞ্চে আমন্ত্রণ জানালেন এ মেলায় বিশেষ সম্মাননা পাওয়া চিত্রনায়ক সোহেল রানা, উজ্জ্বল, আলমগীর ও ফারুককে। তাঁদের শুভেচ্ছা জানাতে এ সময় মঞ্চে আসেন প্রবীণ চিত্রনায়ক কাফি খান, রাজ্জাক ও জাবেদ। তাঁদের হাতে সম্মাননা পদক তুলে দেন স্পিকার। সম্মাননা পাওয়ারা চ্যানেল আইকে ধন্যবাদ জানান চলচ্চিত্রশিল্পকে পুনরুত্থানের কাজে এগিয়ে আসার জন্য। তাঁরা এ ধরনের উদ্যোগে সহযোগিতারও আশ্বাস দেন। এভাবে মেলায় বারবার আলোচিত হয়েছে বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে আসার ইতিহাস এবং এর সমস্যা ও অগ্রযাত্রার নানা প্রসঙ্গ। চলচ্চিত্রানুরাগী ও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বলেছেন, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেননা, মানুষ এখনো রুপালি পর্দার আকর্ষণে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়। রুপালি পর্দায় ভেসে ওঠা প্রতিটি চরিত্রের মাধ্যমে তারা প্রভাবিত হয়। এর আগে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে যেতেই দেখা গেল, নানা সাজে সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকা। চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা আসছেন একে একে। সম্মেলন কেন্দ্রের মূল মিলনায়তনে চলচ্চিত্রশিল্পী, পরিচালক, চিত্রগ্রাহক, সুরকার, সংগীতশিল্পী ও প্রযোজকেরা পুরো সময় ধরে আড্ডা দেন।মিলনায়তনের সামনের লবিতে বসেছিল মেলা। আর ভেতরে চলছিল দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় মেলার সমাপনী ঘোষণা করেন তথ্য ও সংস্কৃতিকমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ সম্মাননা অর্জনকারী আরও দুজন ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন: চলচ্চিত্রের সংগীতে অসামান্য অবদানের জন্য সৈয়দ আবদুল হাদী ও ফেরদৌসী রহমান। আবদুল হাদীর পক্ষ থেকে সম্মাননা পদক গ্রহণ করেন তাঁর মেয়ে তনিমা হাদী।শিল্পকলায় গুণীজন স্মরণসপ্তাহসংস্কৃতির সংগ্রাম যাঁদের অবদানে পুষ্ট ও প্রাণবন্ত হয়েছে তাঁদের অনেকে এখন আর নেই। কিন্তু তাঁদের কীর্তি উজ্জ্বল হয়ে রয়েছে আমাদের সাংস্কৃতিক জীবন আর ইতিহাসের পরতে পরতে। এবার সেসব গুণী ব্যক্তিত্বকে স্মরণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গতকাল রোববার বিকেলে একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গানে-কথায় স্মরণ করা হয় বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ আলতাফ মাহমুদ, শেখ লুৎফুর রহমান, আবদুল লতিফ ও সুখেন্দু চক্রবর্তীকে। অনুষ্ঠানে তাঁদের নিয়ে কথা হয়েছে, পরিবেশিত হয়েছে তাঁদের সৃষ্টিকর্ম।সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপপরিচালক আবদুল কাদের তালুকদার। প্রয়াত ব্যক্তি এবং তাঁদের কাজ নিয়ে আলোচনা করেন সুধীন দাস, সারওয়ার আলী, মুতলুব আলী ও ফেরদৌস হোসেন ভূঁইয়া। সংক্ষিপ্ত আলোচনার পর সমবেত গান করেন উদীচী এবং নিবেদনের শিল্পীরা। একক কণ্ঠে গান করেন আরিফ রহমান, মীনা বড়ুয়া প্রমুখ। আজ একই স্থানে আব্বাস উদ্দীন আহমদ ও আবদুল আলীমের স্মরণে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।