চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন তারকারা
জমে উঠেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবার অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটির নেতৃত্ব দিচ্ছেন শাকিব খান ও মিশা সওদাগর, অন্যটির মিজু আহমেদ ও ড্যানি সিডাক। জানা গেছে, শাকিব খান-মিশা সওদাগরের প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন মৌসুমী, ফেরদৌস, সুচরিতা, আহমেদ শরীফ, ডন, নিপুণসহ অনেকে। মিজু-ড্যানি সিডাকের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন রিয়াজ, আমিন খান, আনোয়ারা, প্রবীর মিত্র, অরুণা বিশ্বাস, বাপ্পারাজসহ অনেকে।শাকিবের প্যানেল ঘোষণার পর মিজু আহমেদ গত সোমবার তাঁর প্যানেলের নাম ঘোষণা করেছেন। এদিকে শাকিবের প্যানেলকে সমর্থন দিয়েছেন রোজিনা, অঞ্জনাসহ চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ শিল্পী। আবার চলচ্চিত্রে ফাইটার নামে পরিচিত কয়েকজন শিল্পী মিজু আহমেদের প্যানেলকে সমর্থন জানিয়েছেন। রাজ্জাক, ববিতা, চম্পা, ফারুক, আলমগীর এখনো প্রকাশ্যে কোনো প্যানেলকে সমর্থন জানাননি। গত কয়েক বছরের মধ্যে এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন অনেকেই।চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ মে। ৫৬৬ জন সদস্য ভোট দিয়ে তাঁদের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন।