চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ অনুষ্ঠান স্থগিত
চলচ্চিত্র শিল্পী সমিতির শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
রমিজ উদ্দিন নামের একজন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা আদালতে শপথগ্রহণ স্থগিতের আবেদন করেন। ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ দ্বিতীয় আদালতের বিচারক তথ্য উপাত্ত যাচাই করে শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিতের আদেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য আদালত অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।
আদালত থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বরাবর আদালত এ নির্দেশনা দেন। আদালতের এ নির্দেশনার পরই শুক্রবারের পূর্বনির্ধারিত নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী ও পরিচালক মনতাজুর রহমান আকবর বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, বিজ্ঞ আদালতের প্রতি সম্মান জানিয়ে শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে যোগাযোগের জন্য সদ্য নির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে কয়েকবার ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তাদের ফোনে খুদে বার্তা পাঠিয়েও কথা বলা সম্ভব হয়নি। মিশা সওদাগরের ফোন ওয়েটিং পাওয়া গেছে।