চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবর্ণজয়ন্তী
ষাটের দশকে এহতেশাম পরিচালিত জনপ্রিয় বাংলা চলচ্চিত্র রাজধানীর বুকেতে ‘তোমারে লেগেছে এত যে ভালো’ গানটি গেয়েছিলেন শিল্পী তালাত মাহমুদ। এবার তালাত মাহমুদ নয়, গানটি গাইলেন তিমির নন্দী। শুধু এই গান নয়, ১৯৬০ থেকে ৮০—এই তিন দশকের বাংলা চলচ্চিত্রের মোট ১৬টি জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে সেদিন শিল্পীরা দর্শক-শ্রোতাদের যেন আরেকবার ফিরিয়ে নিলেন পুরোনো দিনের হারানো সুরের মৌতাতে। গান গাইলেন তিমির নন্দী, দিনাত জাহান ও নাসিমা শাহীন।৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানের চিত্র ছিল এটি। সেদিন পুরো অনুষ্ঠানকে ঘিরে মিলনায়তনের ভেতর ও বাইরে ছিল নানামাত্রিক দৃষ্টিনন্দন আয়োজন।মিলনায়তনের সামনে থেকে প্রবেশপথ পর্যন্ত সেলুলয়েডের সুদীর্ঘ দুটি ফিতায় ৫০ জন মানব-মানবীর ছায়ামূর্তি। চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছরকে বোঝাতে এর চেয়ে সুন্দর নিদর্শন আর কী হতে পারে! এ ছাড়া সুদীর্ঘ সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি নিয়ে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পেয়েছেন বরেণ্য নির্মাতা মৃণাল সেন, তারেক মাসুদ, বাদল রহমান, আলমগীর কবির, আবদুস সামাদ, শেখ নিয়াতম আলী ও বেবী ইসলামের ছবি। প্রদর্শিত হয়েছে সূর্যদীঘল বাড়ী, চিত্রানদীর পারেসহ আলোচিত চলচ্চিত্রগুলোর পোস্টার।সন্ধ্যা নামতেই ব্যাপক দর্শক সমাগমে মুখর প্রদর্শনীটি। দর্শকদের পাশাপাশি চলচ্চিত্রনির্মাতা, কুশীলব ও কলাকুশলীদের উপস্থিতিও কম নয়। এর মধ্যে হঠাৎই বেজে উঠল ঢাকঢোল। ঘড়িতে সন্ধ্যা সাড়ে ছয়টা।মিলনায়তনে ততক্ষণে এসে পৌঁছেছেন অনুষ্ঠানের উদ্বোধক, চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দেবী। এবার তাঁকে ঘিরে উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো নতুন উদ্দীপনা। চলচ্চিত্রের এ আন্দোলন ও কর্মযজ্ঞের প্রতি শ্রদ্ধা জানান প্রতীতি দেবী। তাঁর কথায় চলে এল ভাই ঋত্বিক ঘটকের প্রসঙ্গও। বক্তৃতার একপর্যায়ে প্রদর্শিত হলো প্রজেক্টরের মাধ্যমে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছরের কর্মযজ্ঞের ভিডিওচিত্র।এদিকে, চলচ্চিত্র সংসদ আন্দোলনের বছরব্যাপী এই আয়োজন প্রসঙ্গে সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্যসচিব মোরশেদুল ইসলাম বলেন, ‘বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজনের কারণ হচ্ছে, সারা বছর নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আমরা এই বার্তাটি পৌঁছাতে চাই যে নানা অর্জনের মধ্য দিয়ে আমাদের চলচ্চিত্র আজকের অবস্থানে এসে পৌঁছেছে। তা ছাড়া এ বছর দেশের ৫০টি বিদ্যালয়ে ফিল্ম সোসাইটি গঠন করব আমরা।’ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে অনুষ্ঠান যখন ভাঙা হাটের দিকে গড়াচ্ছে, তখন ঘোষণা এল বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার—আগামী ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান ও প্রাক্তন কর্মীদের পুনর্মিলনী ও সুবর্ণজয়ন্তী প্রদানের মধ্য দিয়ে শেষ হবে এক বছরের এই আয়োজন।