চলচ্চিত্রকার বাদল রহমানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রকার বাদল রহমান
চলচ্চিত্রকার বাদল রহমান

মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার বাদল রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১১ জুন। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আগামীকাল বিকেল চারটায় অনুষ্ঠিত হবে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’ ও বাদল রহমান স্মরণ অনুষ্ঠান। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

ষষ্ঠবারের মতো এই স্মারক বক্তৃতায় এবারের বক্তা চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ। তিনি আলোচনা করবেন ‘বাংলাদেশের চলচ্চিত্রের সামাজিকীকরণের পূর্বাপর: কঠিন লড়াইয়ের পথ’ বিষয়ে। স্মারক বক্তৃতার আগে বাদল রহমানকে নিয়ে স্মৃতিচারণ করবেন অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী হাশেম সূফী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ও লেখক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন এবং বাদল রহমানের সন্তান অভিষেক রহমান।
আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। ২০১০ সালের ১১ জুন বাদল রহমান ৬২ বছর বয়সে প্রয়াত হন। তিনি বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা (এমিলের গোয়েন্দা বাহিনী) এবং চলচ্চিত্র শিক্ষক ছিলেন।