চলচ্চিত্রকে যাত্রা কিংবা নাটকের মতো উপস্থাপন না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলচ্চিত্র একটি সৃজনশীল শক্তিশালী মাধ্যম। এই মাধ্যমটিকে যেন যাত্রা কিংবা নাটকের মতো করে উপস্থাপন করা না হয়।’ গত সোমবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ সেমিনার যৌথভাবে আয়োজন করে সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ‘বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের সংকট: উত্তরণের পথ’ শিরোনামে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘চলচ্চিত্র তার নিজস্ব গতিতে চলবে। এই মাধ্যমটিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন নতুন প্রযুক্তির সংযোগের মাধ্যমে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। আর এই প্রযুক্তিতে খাপ খাওয়াতে না পারলে আপনারা টিকে থাকতে পারবেন না।’ মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতি ছিলেন রাজ্জাক। আলোচনায় অংশ নেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্রকার আজিজুর রহমান, মানজারে হাসিন মুরাদ, আবদুস সামাদ খোকন, হারুন উর রশীদ প্রমুখ। সঞ্চালক ছিলেন সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব মোরশেদুল ইসলাম।