চলচ্চিত্রশিল্পীদের চড়ুইভাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা। চকলেট রঙের একটি গাড়ি ঢুকল। মাইকে ঘোষণা এল, ‘এইমাত্র আমার বড় ভাই মাসুদ পারভেজ সোহেল রানা বনভোজন প্রাঙ্গণে এসেছেন, আসুন, সবাই করতালি দিয়ে তাঁকে স্বাগত জানাই।’ বলছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রুবেল।চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। সাভারে মিলিটারি ফার্ম এলাকায় এই বনভোজনের আয়োজন করা হয়েছে। এদিন কারও কোনো কাজ নেই। সারা বছর যাঁরা শুটিং-ডাবিং নিয়ে ব্যস্ত থাকেন, তাঁরা আজ সারাটা দিন থাকবেন আনন্দ-উচ্ছ্বাসে।নায়করাজ তাঁর দুই ছেলে বাপ্পা ও সম্রাটকে নিয়ে বনভোজন প্রাঙ্গণে এলেন। একে একে ইলিয়াস কাঞ্চন, খলিল, অঞ্জনা চলে এলেন। শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ ও সমিতির অপর নেতা মিশা সওদাগর এতটাই ব্যস্ত আজ যে মনে হলো তাঁদের মেয়ের বিয়ে। বনভোজনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন তাঁরা। নাশতার টেবিলে খাবার নিয়ে সে কী হুড়োহুড়ি, তা দেখে ওমর সানী বললেন, ‘ওরে, চুলা থেকে একটু গরুর গোশত লুকিয়ে নিয়ে আয় তো। বেশি আনবি না কিন্তু।’আবার মাইকে ঘোষণা। এইমাত্র আমাদের তিন কন্যা এসেছেন। ববিতা, চম্পা ও সুচন্দা—তিন বোনকে ঘিরে সবার জটলা। এরই মধ্যে এসেছেন আমিন খান, অমিত হাসান, শাকিবা, ইমন, নিরব। ববিতা জানতে চাইলেন শাবনূর, পপি, পূর্ণিমা, মৌসুমী ওরা কেউ আসেনি এখনো? বলতে বলতেই পূর্ণিমা চলে এলেন। একটু পরেই শাবনূর। এরপর এলেন শাকিব খান। বেশ শোরগোল শুরু হলো। একটু পরেই শুরু হলো হাউজি। শিল্পীরা বসে গেলেন কলম নিয়ে। আহমদ শরীফ কথার জাদুতে আধা ঘণ্টা সময় নিয়ে পরিচালনা করলেন হাউজি। তারপর মধ্যাহ্নভোজ। বিকেল হতেই শুরু হলো লটারি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তার আগেই এসে পৌঁছালেন শাবনূর ও পপি। একে অন্যের খোঁজ নিলেন। তারপর বিদায়ের সুর বেজে ওঠে। সবাই বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। শত শত গাড়ির হেডলাইটের আলোয় পুরো খামার এলাকা যেন আলোকিত হয়ে উঠেছে। সে এক অদ্ভুত দৃশ্য।