চলচ্চিত্রে অভিনয় করলেন মহাশ্বেতা দেবী
রুপালি পর্দায় অভিষেক হলো ভারতের প্রখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর। বাংলা চলচ্চিত্র ‘উল্লাস’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই স্বনামধন্য লেখিকা। তাঁরই রচিত গল্প থেকে ছবিটি পরিচালনা করেছেন ঈশ্বর চক্রবর্তী। তিনটি গল্প নিয়ে ছবিটির কাহিনি এগিয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ‘দৌড়’ গল্পটি। পুলিশ কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিতে গিয়ে তরুণ একজন আদিবাসীর মৃত্যুকে ঘিরে গড়ে উঠেছে দৌড় গল্পটি। এই গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মহাশ্বেতা দেবী। এ প্রসঙ্গে মহাশ্বেতা দেবীর উদ্ধৃতি দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, ‘ছবির গল্পগুলো আমি নিজেই লিখেছি। এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা হলো। এখন পর্যন্ত ছবিটি দেখা হয়নি। শুটিংয়ের সময় আমি কেবল পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। আমি কেমন অভিনয় করলাম সেটার বিচার দর্শকেরাই করবেন।’ ১৯২৬ সালের ১৪ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন মহাশ্বেতা দেবী। প্রখ্যাত কবি এবং ঔপন্যাসিক মনীশ ঘটক তাঁর বাবা। তাঁর মা ধরিত্রী দেবীও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। প্রখ্যাত চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক তাঁর চাচা। ‘হাজার চুরাশির মা’, ‘অগ্নিগর্ভা’, ‘ওল্ড ওমেন’, ‘দ্য কুইন অব ঝাঁসি’র মতো সাহিত্য রচনা করে নানা মহলে প্রশংসিত হয়েছেন মহাশ্বেতা দেবী।স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী, পদ্ম বিভূষণ, বঙ্গ বিভূষণ, সাহিত্য একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন ৮৬ বছর বয়সী গুণী এ লেখিকা।