চলচ্চিত্রে আবার নতুন মুখের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার শুরু হচ্ছে চলচ্চিত্রের ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম। চলচ্চিত্রে যারা নায়ক, নায়িকা, বাবা-মা, খল চরিত্র এবং শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করতে আগ্রহী তাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। গতকাল সোমবার দুপুরে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের নতুন মুখ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। এখানে আরও জানানো হয়, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী ব্যক্তিদের আবেদন করতে হবে।বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) উদ্যোগে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, চিত্রগ্রাহক সংস্থা ও এডিটর গিল্ডস যৌথভাবে এই আয়োজন করতে যাচ্ছে। আর পুরো আয়োজনে সব ধরনের পৃষ্ঠপোষকতা করছে চ্যানেল আই।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগ্রহীদের আগামী ১০ ফেব্রুয়ারি ‘নতুন মুখের সন্ধানে ২০১১, জিপিও বক্স নং-২৪৩৩, ঢাকা’ অথবা ‘মান্না ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, ঢাকা-১২০৮’ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনকারীদের একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং সদ্য তোলা দুই কপি ছবি পাঠাতে হবে। একটি ছবি হবে পূর্ণ আকারের, অন্যটি পোর্ট্রেট আকারের।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন রাজ্জাক, ফারুক, ইলিয়াস কাঞ্চন, দিতি, পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান, প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খসরু, শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।বক্তারা নতুন মুখের কার্যক্রমকে সফল করার আহ্বান জানানোর পাশাপাশি অনুষ্ঠান পরিচালনা কমিটি থেকে বিতর্কিত লোকদের বাদ দেওয়ার আহ্বান জানান। পরে এফডিসি কর্তৃপক্ষ কমিটি সংশোধন করার আশ্বাস দেন। এখানে আরও জানানো হয়, নতুন মুখ কার্যক্রমের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তাঁদের নিয়ে ছবি নির্মাণে এফডিসি নানা রকম সহযোগিতা করবে। পাশাপাশি চ্যানেল আই নতুন মুখদের জনপ্রিয় করার জন্য প্রচারের সহায়তা দেবে।