চলচ্চিত্রে আর গাইবেন না লতা! (ভিডিও)
যা রে...যা রে উড়ে যা রে পাখি/ ফুরাল প্রাণের মেলা শেষ হয়ে এল বেলা...’ বাংলা ভাষায় এমন অসংখ্য জনপ্রিয় গানসহ এ-যাবত্ মোট ৩৬টি ভাষায় গান করেছেন লতা মুঙ্গেশকর। কিন্তু চলচ্চিত্রের গানে সম্ভবত আর শোনা যাবে না তাঁর সেই কোকিলকণ্ঠ। বিনোদন-প্রত্যাশী কোটি ভক্তকে সুরের মায়ায় মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন তিনি। সম্প্রতি প্লেব্যাক থেকে অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন লতা।মাত্র ১৩ বছর বয়সে গানের জগতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কিংবদন্তির কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর। এরপর পার হয়ে গেছে সাত দশকের বেশি সময়। এর মধ্যে ৩৬টি ভাষায় এক হাজারের বেশি চলচ্চিত্রের জন্য গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অবসর প্রসঙ্গে ৮৩ বছর বয়সী লতা মুঙ্গেশকর জানান, ‘আমাদের সময়ের চেয়ে বর্তমানে চলচ্চিত্র অনেক বদলে গেছে। আমি একে খারাপ বলছি না, তবে বর্তমান চলচ্চিত্রের সঙ্গে নিজেকে মানানসই নই বলেই মনে করছি আমি। যদি এখন কোনো চলচ্চিত্রের জন্য গান গাই, তবে আমার মনে হয় না তা আর আগের মতো সুন্দর করে গাইতে পারব।’লতা মুঙ্গেশকরের ভাষ্য, তিনি বিশ্বাস করেন, পৃথিবীতে পরিবর্তন অবশ্যম্ভাবী। তাই তিনি অবসরে যেতে চাইছেন।ধ্রুপদি, রোমান্টিক, গজল, ভজনসহ গানের বিভিন্ন ধারায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন লতা মুঙ্গেশকর। পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন।গানের পাশাপাশি চলচ্চিত্রেও ছোটখাটো কয়েকটি চরিত্রে অভিনয়ে দেখা গেছে ‘নাইটিংগেল অব ইন্ডিয়া’খ্যাত এই অসামান্য কণ্ঠশিল্পীকে। তবে অভিনয় তিনি মোটেও পছন্দ করতেন না বলে স্বীকার করেছেন বিভিন্ন সময়। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘আমাকে বাধ্য হয়েই কিছু চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল।’এই শিল্পী চলচ্চিত্রের জন্য শেষবার গান গেয়েছেন ২০১১ সালে। ‘শতরঞ্জি প্যারাসুট’ নামের চলচ্চিত্রে তাঁকে শেষবার গাইতে শোনা গেছে।প্রসঙ্গত, এর আগেও লতার অবসরের কথা ভারতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। তবে লতা সে সময় বরাবরই বলতেন, এখনই থেমে যেতে চান না তিনি। ভারতীয় সংগীতভুবনের এই নক্ষত্রের জন্ম ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর। পঞ্চাশের দশকের মধুবালা থেকে শুরু করে এ প্রজন্মের প্রীতি জিনতাও ঠোঁট মিলিয়েছেন তাঁর গানে। এখনো তাঁর কণ্ঠমাধুর্য বিমোহিত করে হাজারো মানুষের মন। ভারতীয় চলচ্চিত্রশিল্পের অন্যতম সেরা প্লেব্যাক শিল্পী তিনি। সারা পৃথিবীর মধ্যে সবচে বেশিসংখ্যক গান রেকর্ডিংয়ের জন্য ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম উঠেছে তাঁর।