চলচ্চিত্রে আরফিন রুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ক ও সংগীত পরিচালক আরফিন রুমি এবার চলচ্চিত্রে নাম লেখালেন। ডিজিটাল ফরম্যাটে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। রাজধানীর ধানমন্ডি-৮-এর কিছু সত্য ঘটনাকে অবলম্বন করে চলচ্চিত্রটি নির্মিত হবে। অনুরূপ আইচের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় চলচ্চিত্রটির নামও রাখা হয়েছে ‘ধানমন্ডি-৮’।ধানমন্ডি-৮ নম্বর সড়কের রবীন্দ্র সরোবরে ঘটে যাওয়া নানা গল্প নিয়ে চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হচ্ছে। চলচ্চিত্রটিতে আরফিন রুমি স্বনামেই অভিনয় করবেন। ধানমন্ডি-৮-এ রুমিকে সংগীতশিল্পী হিসেবেই দেখানো হবে। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করব, এটা জীবনে কখনো ভাবিনি। পরিচালক ও চিত্রনাট্যকার আমার পূর্বপরিচিত। তাঁদের পীড়াপীড়িতে অভিনয় করতে রাজি হয়েছি। তবে এখনো জানি না কী আমার ভূমিকা। শুধু এটুকুই জানি, চলচ্চিত্রে আমাকে স্বরূপেই দেখানো হবে। তা ছাড়া চলচ্চিত্রটি যে থিম অবলম্বনে তৈরি হচ্ছে, সেটার সঙ্গে আমি অনেক বেশি পরিচিত। কারণ, আমাদের অনেকেরই বড় ধরনের আড্ডা জমে সেখানে।’ধানমন্ডি-৮ নম্বর সম্পর্কে পরিচালক বলেন, ‘আমি দেখেছি কফি হাউস নিয়ে নাটক তৈরি হতে। ধানমন্ডির রবীন্দ্র সরোবর এমন একটি জায়গায় পরিণত হয়েছে, যেটা অনেক ঘটনারই সাক্ষী হয়ে আছে। আমার কাছে মনে হয়, ঢাকা শহরে এমন কোনো মানুষ নেই যে কি না রবীন্দ্র সরোবরে আড্ডা দেননি, এমনকি এক কাপ চা পান করেননি। তাই আমার কাছে মনে হলো কফি হাউস নিয়ে যদি নাটক হতে পারে, ধানমন্ডি-৮ নম্বরের এ জায়গাটি নিয়ে কেন নাটক কিংবা চলচ্চিত্র নির্মিত হবে না? মূলত কফি হাউস থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি নির্মাণের দিকে মনোযোগী হয়েছি বলতে পারেন। তা ছাড়া আমি নিজেও কিন্তু সেখানকার নিয়মিত একজন আড্ডাবাজ।’তবে চলচ্চিত্রটির প্রধান পাত্র-পাত্রী এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান পরিচালক।