চলচ্চিত্রে আরফিন রুমী ও শহীদ
দুরবীন ব্যান্ডের ভোকাল, সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী আরফিন রুমী এরই মধ্যে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘প্রিয় মা’। মা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি চ্যানেল নাইনে দেখানো হয়। কিন্তু দুরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ শহীদের এখনো কোনো নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি। তবে এবার তাঁরা দুজন একসঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয় করলেন। রুমী ও শহীদ অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ছায়া-ছবি।ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালক সূত্রে জানা গেছে, ছবিটির ‘নুরে খোদা’ শিরোনামের একটি কাওয়ালি ঘরানার গানে অংশ নিয়েছেন রুমী ও শহীদ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রুমী। শুধু রুমী কিংবা শহীদ নয়, গানটিতে রুমীর স্ত্রী অনন্যা ও একমাত্র ছেলে আরিয়ানকে দেখা যাবে। সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানী এলাকার একটি অবকাশ যাপন কেন্দ্রে নির্মিত সেটে ছবিটির শুটিংয়ে অংশ নেন রুমী ও শহীদ।চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে সৈয়দ শহীদ বলেন, ‘এটাকে আসলে অভিনয় বলে কি না, আমি জানি না। ছবিটির পরিচালক ও আরফিন রুমী—দুজনই আমার অনেক পছন্দের। মূলত তাঁদের দুজনের অনুরোধেই গানটির চিত্রায়ণে আমাকে উপস্থিত থাকতে হয়েছে। গানটি আমার কণ্ঠে না হলে কী হবে, নুরে খোদা গানটি কিন্তু আমার অনেক পছন্দের। তবে সবকিছু মিলে ব্যাপারটি কিন্তু আমার জন্য বেশ উপভোগ্য ছিল।’চ্যানেল নাইনের প্রযোজনায় নির্মিত ছবিটির প্রধান দুই অভিনয়শিল্পী হলেন পূর্ণিমা ও আরেফিন শুভ। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন রুমেল, ডা. এজাজ, শামীমা নাজনীন, রিক্তা, কথাবন্ধু কিবরিয়াসহ আরও অনেকে।